বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতু থেকে নদীতে লাফ দিয়ে তরুন নিখোঁজ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-০৪ ২১:৩৭:৫৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহর প্রান্তের পুরাতন মহানন্দা সেতুর (বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু) উপর থেকে নদীতে লাফ দিয়ে আনুমানিক ১৮/২০ বছরের  অজ্ঞাত পরিচয় এক তরুন নিঁেখাজ হয়েছেন। স্থানীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শী ও নৌকা নিয়ে নদীতে খোঁজকারী জেলেদের বরাতে ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সেতুর মাঝামাঝি অংশ থেকে রেলিং টপকে নদীতে ঝাঁপ দেয় ওই তরুন। সাথে সাথে লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করলে নদীতে নৌকা নিয়ে মাছ ধরা জেলেরা ওই  তরুনকে উদ্ধারে তৎপরতা শুরু করে। কেউ কেউ  সেতুর উপর থেকে সেতুর বাতির আলোয়  ওই যুবকের পানি থেকে মাথা তোলার অস্পষ্ট ছবিও তোলেন। তবে তাঁকে  উদ্ধার করতে পারে নি জেলেরা।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ হারুনুর রশিদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে যেখানে ওই তরুন পড়ে গেছে সেখানে অন্তত: ১৩/১৪ ফুট গভীরতায় পানি রয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও নৌকার মাঝিদের সাথে কথা বলা হয়েছে। রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরীদল ডাকা হয়েছে পরবর্তী উদ্ধার অভিযানের জন্য।  ওই তরুন কেন নদীতে লাফ দিল তা জানা যায় নি।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এক ব্যাক্তি সেতু থেকে নদীতে লাফ দিয়েছে মর্মে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোন তথ্য রাত পৌনে ৯টা পর্যন্ত জানা যায় নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ডুবুরী দল আসার পর  নদীতে খোঁজ শুরু হবে। 

 


এ জাতীয় আরো খবর