ধর্মীয় ঐতিহ্যে ঘেরা পবিত্র শহর জেরুজালেম এখন দাবানলের ভয়াবহ শিকার। শহরের পশ্চিমাংশজুড়ে ছড়িয়ে পড়া আগুনে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পাহাড়ি বনাঞ্চলে ঘন ঘন ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ইসরায়েলের দমকল বাহিনী। পরিস্থিতি এতটাই গুরুতর যে গ্রিস, সাইপ্রাস, ইতালি ও ক্রোয়েশিয়ার কাছে সাহায্যের হাত বাড়িয়েছে ইসরায়েল সরকার।
গত এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো বড় আকারের দাবানল। বিশেষ করে নেভে শালোম, বেকোয়া, তাওজ, মেভো হোরন, মিশমার আয়ালন এবং নাচশন এলাকায় আগুন ভয়াবহ রূপ নেয়। আগুনের গতিপথে পড়া হাজারো মানুষকে তাৎক্ষণিক নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ধোঁয়া ও আতঙ্কে শহরবাসী
শহরের প্রধান হাইওয়েতে যান চলাচল থেমে যায়। যানবাহনে আটকে পড়া অনেক চালক প্রাণভয়ে গাড়ি ফেলে পায়ে হেঁটে পালিয়ে যান। ইতোমধ্যে ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে অন্তত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, অস্বাভাবিক তাপমাত্রা ও প্রবল বাতাস আগুন ছড়িয়ে পড়ার গতি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
ফিলিস্তিনিদের সাহায্যের প্রস্তাব
বিপদের মুখে, আগুন নেভাতে সহায়তা দিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের দমকল দল পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে একটি নিরাপত্তা সূত্র। অতীতে এ ধরনের দুর্যোগে ফিলিস্তিনিরা আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেছে। তবে ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবে সাড়া দেয়নি।
সরকার পর্যবেক্ষণে, রাজনৈতিক বার্তা পরিষ্কার নয়
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নজর রাখছে। ইতোমধ্যে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এবং সংশ্লিষ্ট দমকল কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন নেতানিয়াহু।
আঞ্চলিক সম্পর্কের বাস্তবতা সামনে আনছে আগুন?
এই দাবানল শুধু পরিবেশ নয়, তুলে ধরেছে ফিলিস্তিনি-ইসরায়েলি সম্পর্কের এক মানবিক মাত্রা। প্রস্তাবিত সহযোগিতা গ্রহণ করা হলে হয়তো এ অঞ্চল কিছুটা হলেও ঐক্যের বার্তা পেতে পারে—না হলে শীতল সম্পর্কের ছায়াই হয়তো আরও ঘনীভূত হবে।