শ্রমিকের বুকে কালোব্যাজ আছে, মাথায় মোড়ানো লাল-কালো
বুকে হাত রেখে বলো হে শ্রমিক- আছো তুমি কি সেই ভালো?
কোন্ সে ভালোর জন্য শিকাগো রক্তেরাঙা লাল ছিলো?
আটঘন্টা শ্রমের দাবিতে মালিকেরা সব কাল ছিলো!
‘হে মার্কেট’এর আলোর ফুলকি ‘মে দিবসে’ জ্বালো, জ্বালো
শ্রমিকের বুকে কালোব্যাজ আছে, মাথায় মোড়ানো লাল-কালো
.
‘হে দিবস’ থেকে ‘মে দিবস’ আজ, ঐক্যবদ্ধ শ্রমিক নাই
হায় রে শ্রমিক! একতার নামে তোষামোদ আর গান শোনাই
আটঘন্টার এক দাবি ছিলো, শিকাগো ছিলো রক্তে লাল
মরছে পুড়ছে শ্রমিক, দাবিতে! শ্রম-বিপ্লব টালমাটাল!
‘হে মার্কেট’এর আলোর ফুলকি ‘মে দিবসে’ জ্বালো, জ্বালো
শ্রমিকের বুকে কালোব্যাজ আছে, মাথায় মোড়ানো লাল-কালো
.
চোখ থাকলেই থাকে না স্বপ্ন, দেহ থাকলেই থাকে না মন
শ্রমিকের দিন ফিরবে সেদিন- একতাবদ্ধে করলে পণ
শিকলের কাছে বন্দী হলে গাইবে কে আর স্বপ্ন-গান?
লড়লে শ্রমিক টিকতে পারে না বন্যা-খরা-বান-তুফান
‘হে মার্কেট’এর আলোর ফুলকি ‘মে দিবসে’ জ্বালো, জ্বালো
শ্রমিকের বুকে কালোব্যাজ আছে, মাথায় মোড়ানো লাল-কালো