শনিবার, জুন ২৭, ২০২৬

চার দফা দাবিতে তিনটি সড়ক অবরোধ,নারায়ণগঞ্জের আড়াইহাজারে দিনভর শ্রমিক বিক্ষোভ

  • নিজস্ব প্রতিবেদক,
  • ২০২৫-০৪-২৯ ১৫:৩৭:৩৯
ছবি সংগৃহিত

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মজুরি বৃদ্ধিসহ চার দফা দাবিতে রাজপথে নেমেছেন পোশাক ও শিল্প কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া বিক্ষোভ একপর্যায়ে গুরুত্বপূর্ণ তিনটি সড়কে ছড়িয়ে পড়ে।
শ্রমিকদের অবরোধে আড়াইহাজার-গোপালদী, আড়াইহাজার-মানিকপুর এবং গোপালদী-মাধবদী সড়কে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল সোয়া তিনটা পর্যন্ত সড়কে অবস্থান করে হাজারো শ্রমিক আন্দোলনে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা বিভিন্ন পয়েন্টে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে রাস্তা আটকে দেন। ফলে আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। দুর্ভোগে পড়েন স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও রোগীবাহী যানবাহনের যাত্রীরা।

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে:

প্রতি গজের মজুরি এক টাকা বাড়ানো
ঈদে ন্যূনতম চার হাজার টাকা উৎসব ভাতা প্রদান
কর্মরত অবস্থায় দুর্ঘটনায় আহত শ্রমিকদের চিকিৎসা ব্যয় মালিকপক্ষকে বহন করতে হবে
শ্রমিকদের নিরাপত্তা ও কাজের পরিবেশ উন্নত করতে হবে

আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে এসব দাবি জানিয়ে আসলেও মালিকপক্ষ কর্ণপাত করছে না। বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেন বলেন, “সকালে শ্রমিকরা রাস্তায় নামার পর থেকেই আমরা ঘটনাস্থলে রয়েছি। শান্তিপূর্ণভাবে তাদের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছেন। আশা করছি, দ্রুত সমাধান হবে।”

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৩টা ৪০ মিনিট) কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।


এ জাতীয় আরো খবর