বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর BG-3501 মোট ৪১৪ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনালে অবতরণ করে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিমানবন্দরে হজযাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। তাঁর সঙ্গে ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির এবং বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলামসহ দূতাবাস ও মিশনের বিভিন্ন কর্মকর্তারা।
সৌদি সরকারের পক্ষে হজযাত্রীদের অভ্যর্থনা জানান সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার, হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছে বিমানবন্দরের সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও আন্তরিক আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন হজযাত্রীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনাদের যাত্রা নির্বিঘ্ন ও সুন্দর করতে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও হজ মিশন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।”
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালনে সৌদি আরবে যাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হজ ফ্লাইটগুলো নির্ধারিত সময় অনুযায়ী পর্যায়ক্রমে যাত্রা করবে। সুষ্ঠু ও নিরাপদ হজ কার্যক্রম নিশ্চিত করতে বিমানবন্দর, হজ মিশন ও ধর্ম মন্ত্রণালয় একযোগে কাজ করছে।