মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের লোকসভা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১০ ০০:২২:৩২

বুধবার (৯ ই আগস্ট) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকারের ওপর আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাব ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের লোকসভা। 
এই প্রস্তাবের ওপর কথা বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ সময় বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন তিনি। রাহুল অভিযোগ করেন, বিজেপি মণিপুর রাজ্যে আগুন জ্বালিয়েছে, এখন তারা হরিয়ানাকে জ্বালানোর চেষ্টা করছে।  
রাহুল গান্ধীর বক্তব্য শেষ হওয়ার পর কথা বলেন বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ ও উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি। তিনি রাহুলের সমালোচনা করেন এবং তাকে নারী বিদ্বেষী হিসেবে অভিহিত করেন। তিনি দাবি করেন, রাহুল গান্ধী লোকসভার ভেতরে উড়ন্ত চুম্বন দিয়েছেন। এর মাধ্যমে লোকসভার নারী সদস্যদের অপমান করেছেন তিনি।   
এরপর রাহুল গান্ধী হরিয়ানার হিন্দু-মুসলিম সাম্প্রতিক দাঙ্গা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘আপনারা সব জায়গায় কেরোসিন ছিটিয়েছেন, মণিপুরে আপনারা আগুন জ্বালিয়েছেন, এখন হরিয়ানাতেও একই কাজ করার চেষ্টা করছেন।’
রাহুল এমন মন্তব্য করার পর লোকসভার ভেতরে হৈচৈ শুরু হয়। বিজেপি নেতারা তাকে ক্ষমা চাইতে বলেন।
চলতি বছরের মে মাসের শুরুতে মণিপুরে মেতিস ও কুকিদের মধ্যে জাতিগত সহিংসতা শুরু হয়। যা পরবর্তীতে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে ১৭০ জন মানুষ নিহত হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ নিয়ে কোনো কথা বলেননি।
কিন্তু দুই সপ্তাহ আগে দুই নারীকে বিবস্ত্র করে হাঁটানোর ভয়ংকর ভিডিও ভাইরাল হলে অল্প কথা বলতে বাধ্য হন তিনি। কিন্তু মোদি যেন মণিপুর নিয়ে বিস্তারিত আলোচনা করেন সেজন্য কংগ্রেস কয়েকদিন আগে তার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। এখন এ প্রস্তাবের ওপর লোকসভায় আলোচনা হচ্ছে।


এ জাতীয় আরো খবর