মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

জমি নিয়ে বিরোধে নিহত ১ ও আহত ২

  • শিলা আক্তার
  • ২০২৫-০৪-২৭ ১৪:৫৮:৫৭

মির্জাপুর(টাঙ্গাইল ) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় শ্রমিকদল নেতা ফজল হক (৫৫) নিহত হয়েছেন।  
আজ রবিবার সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশিনগর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ফজল হক বংশিনগর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
এই হামলায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন নিহতের স্ত্রী মরিয়ম বেগম (৪৫) এবং ছেলে মনিরুজ্জামান (২৫)। 
তিনি বাঁশতৈল ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪৭ বছর আগে ফজল হকের দাদি ৫৫ শতক জমি তাকে রেজিস্ট্রি করে দেন। বিষয়টি তিনি সম্প্রতি জানতে পেরে জমিটি দখল বুঝে নিতে উদ্যোগ নেন। তিনি এ বিষয়ে আদালতে একটি মামলাও করেছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং মাতব্বরদের নিয়ে একাধিক সালিশি বৈঠকও হয়েছে। তবে তাতে কোন সমাধান হয়নি।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ফজল হকের ফুপাতো ভাইয়ের ছেলে পারভেজ দেশীয় অস্ত্রসহ ২৫ থেকে ৩০ জন লোক নিয়ে ওই জমিতে বেড়া দিতে যান। খবর পেয়ে স্ত্রী-সন্তান নিয়ে প্রতিবাদ করতে ঘটনাস্থলে গেলে ফজল হককে এলোপাতারি কুপিয়ে জখম করে।
এ সময় ফজল হকের স্ত্রী মরিয়ম বেগম এবং ছেলে মনিরুজ্জামানকেও পিটিয়ে আহত করা হয়। গুরুতর অবস্থায় তাদেরকে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফজল হককে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ফজল হকের সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করেছেন। 
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, লাশের সুরতহাল হয়েছে। তিনি ঘটনাস্থলে গিয়েপরিদর্শন করেছেন। মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানিয়েছেন। 
 


এ জাতীয় আরো খবর