রবিবার, জুন ২৮, ২০২৬

বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৩ হাজারের বেশি

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৪-২৬ ১১:৪১:৩৮
ফাইল ছবি

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ (প্রথম ধাপ) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১৩ হাজার ২৫৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) রাতে বার কাউন্সিলের নিজস্ব ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। এর আগে, শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দেশের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের এমসিকিউ পরীক্ষায় অংশ নেন ৪০ হাজার ৬২৭ জন প্রার্থী।
বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষার সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা পরে প্রকাশ করা হবে।
বাংলাদেশে আইনজীবী হিসেবে তালিকাভুক্তি পেতে তিনটি ধাপ অতিক্রম করতে হয়-এমসিকিউ, লিখিত এবং মৌখিক (ভাইভা) পরীক্ষা। এলএলবি পাসের পর অন্তত ১০ বছরের অভিজ্ঞ সিনিয়র আইনজীবীর অধীনে ইন্টিমেশন জমা দিয়ে ছয় মাসের প্র্যাকটিসের মেয়াদ সম্পন্ন করতে হয়। এরপর এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত এবং ভাইভা পরীক্ষায় পাস করলেই আইনজীবী সনদ অর্জন সম্ভব হয়।
সনদ লাভের পর সংশ্লিষ্ট জেলা বারে সদস্য হিসেবে যোগদানের মাধ্যমে আইন পেশায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন নবীন আইনজীবীরা। বার কাউন্সিল এই পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান ও পরিচালনা করে থাকে।
এদিকে উত্তীর্ণদের জন্য বার কাউন্সিলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। একইসঙ্গে সবাইকে আগামী ধাপের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ফলাফল দেখতে আগ্রহীরা বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবেন।

 


এ জাতীয় আরো খবর