মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

জোলানির ঘূর্ণি: শান্তির বার্তা না কি রাজনৈতিক হিসাব?

  • বিশেষ প্রতিনিধি
  • ২০২৫-০৪-২৫ ১১:১৯:৪১
ছবি সংগৃহিত

মধ্যপ্রাচ্যের অস্থির কূটনৈতিক চিত্রে ফের আলোড়ন তুলেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জোলানি। যুদ্ধ, নিষেধাজ্ঞা ও বৈরিতায় ক্লান্ত একটি দেশ আজ সম্ভবত ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে যাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান কোরি মিলসের সঙ্গে বৈঠকে জোলানি জানিয়েছেন, ‘সঠিক পরিস্থিতি’ তৈরি হলে সিরিয়া প্রস্তুত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এবং আলোচিত আব্রাহাম চুক্তিতে যোগ দিতে। এই ঘোষণা শুধু সিরিয়ার নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভূচিত্রেই নতুন এক প্রশ্ন ছুড়ে দিয়েছে।

যুদ্ধের ইতিহাস, শান্তির সম্ভাবনা
২০০৩ সালে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা জোলানি এক সময় ছিলেন আল-কায়েদার সঙ্গে জড়িত। অথচ আজ তিনি মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে বৈঠকে বসে বলছেন-“ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে পারে।” কোরি মিলস নিজেও একসময় ছিলেন ইরাকে মোতায়েন এক মার্কিন স্নাইপার। ব্লুমবার্গকে তিনি জানান, “আমি একজন সৈনিক হিসেবে একজন সৈনিকের সঙ্গে কথা বলেছি।”

দুই ‘সৈনিকের’ এই সংলাপ এক নতুন যুগের ইঙ্গিত দেয়। জোলানি এখন সিরিয়ার রাষ্ট্রপ্রধানের আসনে, একটি বিধ্বস্ত দেশের ভবিষ্যৎ রচনায় তিনি নেতৃত্ব দিচ্ছেন। দেশটির পুনর্গঠন ব্যয় প্রায় ৪০০ বিলিয়ন ডলার। অথচ এখনো যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার বেড়াজালে বন্দি সিরিয়া।

পশ্চিমাদের মন জয় করার কৌশল?
জোলানি মার্কিন প্রশাসনের সামনে যে তিনটি প্রতিশ্রুতি রেখেছেন, তা হলো-
১. রাসায়নিক অস্ত্র ধ্বংস করা
২. সন্ত্রাসবিরোধী কার্যক্রমে অংশ নেওয়া
৩. ইসরাইলকে আশ্বস্ত করা

এছাড়া তিনি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো আব্রাহাম চুক্তিতে যোগদানের সম্ভাবনার কথাও বলেন। এর মাধ্যমে জোলানি বোঝাতে চেয়েছেন, তিনি আগের ‘বিদ্রোহী’ নন, বরং এখন একজন কৌশলী রাষ্ট্রনায়ক।
কোরি মিলসের মাধ্যমে এক চিঠিও পাঠিয়েছেন তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। এই চিঠির বিষয়বস্তু এখনও অপ্রকাশিত থাকলেও, এটিই হতে পারে সিরিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনর্গঠনের প্রথম পদক্ষেপ।

আব্রাহাম চুক্তি: নতুন রাজনীতির হাতছানি
২০২০ সালে আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আলোচিত আব্রাহাম চুক্তিতে যোগ দেয়। এবার সেই পথেই হাঁটছেন জোলানি। কিন্তু সমস্যা হলো, সিরিয়া সেই দেশ নয় যারা কখনও ইসরাইলের সঙ্গে সরাসরি যুদ্ধ এড়িয়ে গেছে। বরং গোলান মালভূমি-যা ইসরাইল ১৯৬৭ সালে দখল করে-সেখান থেকেই উঠে এসেছেন জোলানি।
এই অবস্থান থেকে তার নতুন কূটনৈতিক কৌশল যেন আত্মপরিচয়েরই এক নতুন নির্মাণ।

ফিলিস্তিন প্রসঙ্গে অবস্থান বদল
একসময় ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান রাখা জোলানি এখন যুক্তরাষ্ট্রের চাপেই হয়তো পলিসি বদলেছেন। সম্প্রতি সিরিয়ার নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনি ইসলামিক জিহাদের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ আমেরিকা ও ইসরাইলকে বার্তা দেওয়ার কৌশল-“আমরা আপনার নিরাপত্তা উদ্বেগ বুঝি, এবং সহযোগিতার জন্য প্রস্তুত।”

তুরস্ক ও ইউরোপের প্রতিক্রিয়া
জোলানির নেতৃত্বে সিরিয়া ইতোমধ্যে তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছে। অন্যদিকে যুক্তরাজ্য তাদের ওপর থাকা প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও গোয়েন্দা বিভাগের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র বড় ধরনের পদক্ষেপ না নিলে এসব পরিবর্তনের বাস্তবিক প্রভাব সীমিতই থেকে যাবে।

সামনে কী?
প্রশ্ন একটাই-জোলানির এই অবস্থান কি সিরিয়ার ভবিষ্যৎ নির্মাণের সৎ প্রচেষ্টা, নাকি এটি পশ্চিমা অনুদান, বিনিয়োগ ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য একটি রাজনৈতিক কৌশল? একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি, অন্যদিকে বহু দশকের রাজনৈতিক অবস্থান বদলের দায়-এই দুইয়ের ভার বহন করতে প্রস্তুত কি সিরিয়া?
মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিমণ্ডলে এ এক নতুন অধ্যায়ের সূচনা। এখন দেখা বাকি-জোলানির বার্তায় শান্তির ফুল ফুটবে, না কি এও হয়ে উঠবে এক নতুন উত্তেজনার সূচনা।


এ জাতীয় আরো খবর