ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে মঙ্গলবার পর্যটকদের ওপর সশস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পহেলগামে, যা ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত, সেখানে একটি জনপ্রিয় পর্যটন স্পটে এ ঘটনা ঘটে।
পুলিশের মতে, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন, এবং কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তল্লাশি অভিযান চলছে, এবং হামলাকারীদের ধরতে স্থানীয় পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে।
নিহতদের মধ্যে কর্ণাটকের শিভমগ্গা জেলার এক ব্যবসায়ী, মুঞ্জুনাথ রাও (৪৭) রয়েছেন, যিনি তার পরিবারসহ জম্মু-কাশ্মিরে ঘুরতে গিয়েছিলেন। হামলাকারীরা মোট পাঁচ-ছ’জন ছিল বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
এই হামলার পর জম্মু-কাশ্মীরের লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করেছেন। হামলার তীব্রতা এমন ছিল যে, সন্ত্রাসীরা একে একে পর্যটকদের নাম জিজ্ঞাসা করে তাদের ওপর গুলি চালায়।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ হামলার নিন্দা জানিয়ে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেন, "এটি একেবারেই অপ্রত্যাশিত এবং ঘৃণ্য কাজ।"
এটি ছিল একাধিক বেসামরিক নাগরিকের ওপর হামলার সাম্প্রতিকতম ঘটনা, যা পুরো অঞ্চলটিকে এক নতুন শঙ্কায় ডুবিয়েছে।