ড. মকবুল হোসেন রবীন্দ্রসংগীতের ভুবনে অতি সুপরিচিত ও সম্মানিত এক নাম। তাঁর দরাজ কণ্ঠের পরিবেশিত গানগুলো সংগীত পিয়াসীদের হৃদয়কে স্পর্শ করে অনায়াসেই।
তিনি বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক।
তাঁর অসাধারণ গায়কী ও সাংগঠনিক দক্ষতা সংগীত পিয়াসিদের শুদ্ধ সংস্কৃতি চর্চা ও প্রসারে যোগায় সীমাহীন অনুপ্রেরণা।
জন্ম ২০ এপ্রিল ১৯৫৯ সালে ঢাকায়। বেড়ে উঠেছেন এক সাংগীতিক পরিবারেই।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মৃত্তিকা বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স সম্পন্ন করেন। এরপর সিভিল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করেন এসআইএসটি থাইল্যান্ড থেকে। পরবর্তীতে সেখান থেকেই তিনি সম্পন্ন করেন এগ্রিকালচারাল সিস্টেম ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমএস ডিগ্রি। এছাড়াও শিল্পী ড. মকবুল হোসেন রিমোটসেন্সিং বিষয়ে পোস্ট গ্রাজুয়েট করেন নেদারল্যান্ড থেকে। পরবর্তীতে কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
তিনি সামাজিক সাংস্কৃতিক সংগঠন 'সংস্কৃতি' এর সভাপতি। পাশাপাশি অনলাইন পত্রিকা 'সংস্কৃতি' এরও সম্পাদক তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও চিরায়িত স্বদেশী গান ও তার সুর সংরক্ষণের লক্ষ্যে তিনি মুক্তিযুদ্ধ ও স্বদেশী গানের স্বরলিপি রচনা করেছেন।
বর্ণাঢ্য জীবনের অধিকারী রবীন্দ্রসংগীত শিল্পী ড. মকবুল হোসেনের সামনের দিনগুলো হোক আরও সুন্দর আরও মসৃণ।
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা।