বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

যাত্রীবাহী লেগুনা ড্রেনে পড়ে আশুলিয়ায় দুই পোশাক শ্রমিক নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৪-১৭ ০১:১১:০২

আশুলিয়ায় যাত্রীবাহী একটি লেগুনা ড্রেনে পড়ে দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন- আশুলিয়ার এনভায় গার্মেন্টসের সুপারভাইজার মো. বদরুল আলম গাজী হাবীব (৩৮) এবং ইউনিমাস ক্যাপ ফ্যাক্টরির সিনিয়র অপারেটর মো. হৃদয় মিয়া (৩৫)। ঘটনায় আহতরা হলেন, বিলকিস (৩০), সুব্রত পাল (৩২) ও নূরুল ইসলাম (৫০)।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক মো. হারুন অর রশিদ জানান, আমাদের হাসপাতালে চারজনকে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে।  দুইজন আহত হয়েছে।  এছাড়া ৫ জনকে প্রাথমিক  চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত লেগুনাটি জব্দ করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া লেগুনার চালক ও হেলপারকে আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।-যুগান্তর।

 


এ জাতীয় আরো খবর