মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

সু ম ন শা হ নে ও য়া জ

  • একদিন নদী ও নারীর মতো
  • ২০২৫-০৪-০৬ ০০:১৭:৩০

একদিন নদী ও নারীর মতো 
হারিয়ে যাবো তুমি আর আমি 
পেছনে পড়ে থাকবে এই স্রোতস্বিনী ধানসিঁড়ি 
নদীর ধুসর বালুময় অববাহিকা।

একদিন নদী ও নারীর মতো 
হারিয়ে যাবো তুমি আর আমি 
পেছনে পড়ে থাকবে রাত জাগা লক্ষি পেঁচা 
গাঙচিল, বুনোহাঁস , ধান শালিক ধবল বক 
আর নাম না জানা কতো অতিথি।

একদিন নদী ও নারীর মতো 
হারিয়ে যাবো তুমি আর আমি 
পেছনে পড়ে থাকবে রাত্রি দ্বিপ্রহরের 
উষ্ণ আবেগী নগ্ন আলিঙ্গনের শত  আহবান।

একদিন নদী ও নারীর মতো 
হারিয়ে যাবো তুমি আর আমি 
পেছনে পড়ে থাকবে পলাশ শিমুল কৃষ্ণচূড়া বনে 
তোমার সিঁথির সিঁদুরের রঙ।

একদিন নদী ও নারীর মতো 
হারিয়ে যাবো তুমি আর আমি 
পেছনে পড়ে থাকবে শরতের অগোছালো কাশ বন।

একদিন নদী ও নারীর মতো 
হারিয়ে যাবো তুমি আর আমি 
পেছনে পড়ে থাকবে 
গ্রাম বাংলার ধুলো মাখা মেঠোপথ।

একদিন নদী ও নারীর মতো 
হারিয়ে যাবো তুমি আর আমি 
পেছনে পড়ে থাকবে 
চৈত্রের ঝিঁঝিঁ ডাকা উদাস দুপুর।

একদিন নদী ও নারীর মতো 
হারিয়ে যাবো তুমি আর আমি 
এখানে এখনো আকাশ আর কাদা মাটিতে মাখামাখি
এই সোঁদা মাটির গন্ধে।

একদিন নদী ও নারীর মতো 
হারিয়ে যাবো তুমি আর আমি 
পেছনে পড়ে থাকবে 
শীতের কুয়াশামাখা ভোরে 
শিশির সিক্ত ভেজা পথ।

একদিন নদী ও নারীর মতো 
হারিয়ে যাবো তুমি আর আমি 
পেছনে পড়ে থাকবে ধানসিঁড়ি নদীর বুকে 
বাদামী রঙের পাল তোলা নাও।

একদিন নদী ও নারীর মতো 
হারিয়ে যাবো তুমি আর আমি 
পেছনে পড়ে থাকবে তোমার গোলাপী ঠোঁটের 
চিলেকোঠায় বিবর্ণ এক সমুদ্র বিরামহীন পিপাসা।

একদিন নদী ও নারীর মতো 
হারিয়ে যাবো তুমি আর আমি 
পেছনে পড়ে থাকবে তোমার শাঁখা সিঁদুর কেড়ে নেয়ার 
আপ্রাণ চেষ্টা তোমার বৈধব্য বেশ।

একদিন নদী ও নারীর মতো 
হারিয়ে যাবো তুমি আর আমি 
পেছনে পড়ে থাকবে কোন এক 
সূর্যাস্তী গোধূলির আবীর মাখা জোনাকি জ্বলা সন্ধ্যা।


এ জাতীয় আরো খবর