বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার,স্বামী ও সতীন আটক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৩-২৯ ২০:২৯:৩৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে রুলিয়ারা বেগম(৪৪) নামে এক গৃহবধু’র গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(২৯ মার্চ) সকালে মনাকষা ইউনিয়নের  ৭ নং ওয়ার্ডের সাহাপাড়া শ্যামপুর নুরেশ মোড় এলাকার একটি আমবাগানের আমগাছের ডালে পরনের  শাড়ী দিয়ে গলায় ফাঁস দেয়া মরদেহটি উদ্ধার করা হয়। রুলিয়ারা ওই এলাকার রাজমিস্ত্রী শরিফুল  ইসলামের প্রথম স্ত্রী ছিলেন। ঘটনার পর পুলিশ মৃতের স্বামী ও সতীন বেবী খাতুনকে (৪২) জিজ্ঞাসবাদের জন্য আটক করেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পাঁচ সন্তানের জননী রুলিয়ারাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে স্বামী ও সতীনের বিরুদ্ধে।
সংশ্লিস্ট ওয়ার্ড সদস্য মফিজুল হক বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী ও সতীন মিলে রুলিয়ারাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, শনিবার ভোররাত ৩ টার  ঘটনাটি ঘটে। ভোর ৫টার পর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ নিজ ঘরে প্রথম স্ত্রীর স্বজনদের হাতে আটকাবস্থায় থাকা শরিফুলকে উদ্ধার করে  জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে  নেয়। তাঁকে থানায় আনার পথে দ্বিতীয় স্ত্রী বেবি খাতুনও  আত্মরক্ষার্থে স্বামীর সাথে  আসেন। পরে তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসবাদে তাঁরা দাবি করেছেন যে, ওই দিন নারায়রগঞ্জ থেকে ঈদ করতে বাড়ি ফেরার পর দ্বিতীয় স্ত্রীর ঘরে ওঠায় অভিমানে রুলিয়ারা আত্মহত্যা করেন।
 শনিবার দুপুরে  বাড়ির প্রায় আড়াইশ গজ দূরের আমবাগান থেকে মরদেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে  পাঠানো হয়। মরদেহের গলায় কালশিরা দাগ এবং কোমরের নীচে দু’পায়ে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে।  ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান পরিদর্শক শাকিল। 


এ জাতীয় আরো খবর