বুধবার, আগস্ট ১৯, ২০২৬

দাগনভূঞায় অজ্ঞান করে মালামাল লুট, হাসপাতালে ভর্তি ১২

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০৩-২৪ ২০:৪৯:৪৩

দাগনভূঞা(ফেনী)প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উপজেলার জগতপুর গ্রামের বাড়িসহ তিন পরিবারের ১২ সদস্যকে অজ্ঞান করে মালামাল লুটের ঘটনা ঘটেছে। সোমবার সকালে গুরুত্বর অসুস্থ অবস্থায় তাদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দাগনভূঞা উপজেলার জগতপুর এলাকার  বাড়িতে এ ঘটনা ঘটেছে। তাদের মধ্যে কমপক্ষে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালে ভর্তি রোগীরা হলেন- সাগর চন্দ্র দে (১৯), কল্পনা রানী দে (৫৬), কার্তিক চন্দ্র দে (২৩), সবিতা রানী রায় (২৯), পলাশ চন্দ্র দে(২৭), দিপালী রানী দে (৪৫), অরুণ চন্দ্র দে (৫৫), বিবি মরিয়ম (১০), বিবি মাইশা (৫), আরিফা খাতুন (৭০), রোকসানা আক্তার (৩০)।
অরুন চন্দ্র দে জানান, রবিবার রাতে ভাত খাওয়ার পরে তিন পরিবারের ১২ সদস্য অসুস্থ হয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠার পর শরীর দুর্বল, মাথা ঘুরাচ্ছে, বমি বমি ভাব তারপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তিনি আরও জানান, তিন পরিবারের সবাই জ্ঞান হারালে স্বর্ণালংকার ও টাকা লুটে নিয়ে দুর্বৃত্তরা। তবে কি পরিমান স্বর্ণালংকার ও টাকা খোয়া গেছে সে বিষয়ে এখনও নিশ্চিত করতে পারেনি পরিবারগুলো।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাসিময়া মাহবুব প্রান্তিক বলেন, তিন পরিবারের ১২ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে আসেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদেরকে চেতনানাশক খাওয়ানো হয়েছে। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান বলেন, আমি সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠিয়েছি।

 


এ জাতীয় আরো খবর