শনিবার, মে ২, ২০২৬

আমি আছিয়া বলছি

  • শাহনেওয়াজ মিঠু
  • ২০২৫-০৩-১৩ ২০:২৬:৪৪

মোল্লা, পুরোহিত কাউকে লাগবেনা আর
ঘরসংসার দরকার নেই
দরকার নেই মমতাময়ী নারীর উপমা বর্ণনা 
সেই কবে থেকেই
দেশটাতে লালা ঝরা কামুকের চাষবাস 
বিচার ব্যবস্থা এমন যে, নারী আর মা নয়
মেয়ে নয়
মর্যাদার ভাগি নয়
নারী কোন মানুষ নয়
বিশাল মাল
মদ্যপ মাতাল লুচ্চামি চোখে বিশাল মাল
ভোগ্যপণ্যের মতো দারুণ জিনিস
কষ্ট মুক্তির আগেই রক্ত ধুয়ে দিশেহারা ধর্ষিতা 

কোথায় কার্তিকী লুব্ধক আমাকে ছিঁড়ে ছিঁড়ে খা
সুবিধেখোর সমাজসেবক, নারীভোগী কামুক
আমি আছিয়া প্রজন্ম বলছি 
আয়
কোনো পরিত্যক্ত ঘরে নয়
বুনো পশুর মতো 
খোলা আকাশের নিচে আমাকে ধর্ষণের পর ধর্ষণ কর
আয় অন্ধকারের বীরপুরুষ
তুই
তারপর তোর বাবা 
তারপর তোর ভাই, বন্ধু 
আমাকে পালাক্রমে ধর্ষণ কর
ধর্ষণ কর আর আমার কান্না জলে গোসল দিয়ে পবিত্র হ'

প্রশাসনকে বলছি,
কান পেতে শোনো 
স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতাকে বলছি, 
আমি রিমি, আমি সিমি, আমি নীলা, আমি ভিখারিনী
আমি প্রতিবন্ধী
হতে পারি আমি বোবা
অথবা দুইএকজনের মা

পরিবার থাকলেও দারুণ সুবিধেখোর তোমরা 
তোমাদের তো ভয় থাকতে নেই
লজ্জা থাকতে নেই
পকেটের পোশাক অবৈধ টাকায় ভারী করবে তো
ধর্ষক পাঠাও 
বিলম্ব করে কী লাভ
তোমরা বিদায় নিলে
অন্য স্যারের সাথে আরো একজোট নারীখাদক আসবে
তারপর আরো কতোজনের সাথে বনবাদাড়ে 
অথবা যত্রতত্র শুতে হবে আমার
সময় নেই একদম 

বিষাক্ত দাঁতের কামড়ে ঘেন্নাটে আমার উদোম শরীর 
কোন কাপড়েই ঢাকবো না আর
অবিচারের জয়ে
সরকার না চাইলেও সরকারি সম্পদ হয়ে যাবো
বেপর্দা চোখের সুখ মিটাতে উলঙ্গ ঘুরব সারা শহর, গাঁ
আমার শরীর তোদের জন্মপথ 
তারপরও কুত্তার মতো দেখ আর
দলেদলে ধর্ষণ কর
অসুস্থ সাংবাদিকের সামনে আমার সন্তান, অক্ষম স্বামী
অসহায় ভাই, হাড্ডিসার বাবা নিষ্ফলা কাঁদছে কাঁদুক 
পাড়ায়, মহল্লায়, শহর গাঁয়ে তোদের পক্ষে বিচার হচ্ছে হোক
ক'দিনের জেলহাজত হলেও মুক্তি পাবি
অসংখ্য কালোহাতের মালা পরে তোরাই আবার সমাজপতি 
আর আমরা যারা তোদের ভোগের মাল
কুত্তায় চাটা হাড়ির মতো নর্দমায় আছাড় খাবো 
অতএব
প্রতিমুহূর্ত রাস্তাঘাটে যেখানে সেখানে আমাকে ধর্ষণ কর
ক্লান্ত হলে আরেকজন আয়
জ্ঞান হারায় যদি ইচ্ছেমত যতো খুশি ততোবার
আমাকে ধর্ষণ কর
চব্বিশঘণ্টা উলঙ্গ থাকবো
অসভ্য, ইতর পাকিস্তানি তাড়ানোর পর
যারা নরমাংস লোভী, তোদের লালসা সেবায়
উলঙ্গ থাকবো দিনরাত চব্বিশঘণ্টা

ওহে ক্ষমতাধর অনাকাঙ্ক্ষিত সমাজ
আমায় একজন মা ভাবতে পার নাই
একজন বোন ভাবতে পার নাই
মর্যাদা প্রতিষ্ঠার অধিকারটুকুন না দাও
দিও না
কখনো তবে নেড়ি কুত্তা বলো না

দিদামণি বলেছিল ঘর আলো করে জন্মেছিলাম 
বাবার চোখে রূপসী বাংলা
মায়ের চোখে জননী
ওগো আল্লাহ
তোমার পাঠানো আলো প্রতিনিয়ত রক্তাক্ত, ধর্ষিতা
আজ তো ইংরেজ নেই
পাকিস্তানি নেই
পরিতাপ এই বিচারক মানছেনা তোমার রায়

আমার জন্য উলঙ্গ থাকা এখন মন্দ নয়
যেদেশে
আলোর মৃত্যু দেখে ভাষনে ভাষণে উৎসব হয়
ফিসফাস কথা মানেই জানোয়ার নির্দোষ 
ভালবাসা মানে আগুনজল
সুতরাং শুনে রাখো চাবুক রাজ
প্রকাশ্যলোকেও কাপড় জড়াবোনা সৃষ্টির শরীরে
কবরদেশে পিতামাতার আত্মার বিলাপ যতই হোক
বিচারকের জিহ্বায় ধর্ষণ কথাটি আরও টেস্টি করতে
থেকে যাবো আমি কালান্তর 
ধর্ষিতা রূপসী বাংলা 
কামান্ধের প্রিয় রক্তমাখা বিবস্ত্র বাংলাদেশ


এ জাতীয় আরো খবর