সাদি মহম্মদ বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী, শিক্ষক এবং সুরকার।জন্ম ৪ অক্টোবর ১৯৫৪ সালে।
সাদি মহম্মদ বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে রবীন্দ্র সংগীতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। প্লেব্যাক করেছেন অসংখ্য নাটক ও চলচ্চিত্রে।
২০০৭ সালে 'আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে' অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৯ সালে তাঁর 'শ্রাবণ আকাশে' ও ২০১২ সালে তাঁর 'সার্থক জনম আমার' অ্যালবাম প্রকাশিত হয়।
সাদি ২০১২ সালে চ্যানেল আইয়ের 'লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড' এবং ২০১৫ সালে বাংলা একাডেমির 'রবীন্দ্র পুরস্কার'সহ ভূষিত হয়েছেন বহু সম্মাননায়।
এছাড়া মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী শক্তি নির্মমভাবে হত্যা করে তাঁর পিতা শহীদ সলিমউল্লাহকে। পরবর্তীতে তাঁর পিতার সম্মানেই নামাঙ্কিত হয়েছে রাজধানীর মোহাম্মদপুরের সলিমউল্লাহ রোডটি। সাদি মহম্মদের ভাই শিবলী মহম্মদ বাংলাদেশের একজন খ্যাতিমান নৃত্যশিল্পী।
ব্যক্তি জীবনে অত্যন্ত বিনয়ী, নম্র, আর ভদ্র হিসেবে তিনি যথেষ্ট সমাদৃত ছিলেন সূধী মহলে।
১৩ মার্চ/২০২৪ এর রাত ন'টার দিকে স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিয়ে তিনি অকালে চলে গেছেন দূর অজানায়। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যায় না। তবে ধারণা করা হয়, মায়ের মৃত্যুর পর থেকে তিনি মানসিকভাবে ভালো ছিলেন না। চলে গিয়েছিলেন ট্রমার দিকে। শ্রদ্ধাঞ্জলি।