কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাকচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল পৌনে দশটার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া এলাকায়।
নিহত দুইজন হলেন, উপজেলার মধ্যপাড়া এলাকার ফারুক এর ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র আলী আকবর (১৩) ও একই এলাকার ফেরদৌস মিয়ার ছেলে জুনায়েদ (১২)। দুইজনেই মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানায়, বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তারা একটি মোটরসাইকেলে করে যাচ্ছিল। মধ্যপাড়া সড়কে একটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। জুনায়েদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ঘটনার পর শিক্ষার্থী ও উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই এক শিক্ষার্থী ও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।