বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
সন্ধ্যা সাতটার দিকে সরিষাবাড়ি উপজেলার দিগপাইতের করগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সিএনজি চালক আব্দুর রাজ্জাক, যাত্রী এনাম ফকির, আরিফুল ইসলাম, আব্দুল করিম আলাল, আলম মিয়া মিলিটারি। আর গুরুত্বর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আমজাদ ফকির।
স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, টাঙ্গাইলের মধুপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাটি দুমড়-মুচড়ে গিয়ে চালকসহ চারজন নিহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে বাকি দুজনকে হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়।
জামালপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সিদ্দিকুর রহমদন বলেন, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে ।
সরিষাবাড়ি থানা অফিসার ইনচার্জ চাঁদ মিয়া জানান, ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকটি। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া সিএনজি থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়।