কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেলে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ইতিমধ্যে সারাদেশ থেকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছে।
সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে দীর্ঘ বৈঠক শেষে এই কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
সরকারের পক্ষ থেকে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার কথা জানানোর পর, বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন ছাত্র ও নাগরিক কমিটির নেতারা। দীর্ঘ আলোচনা শেষে জানানো হয়, আজ ‘মার্চ ফর ইউনিটি কর্মসূচি’ পালন করা হবে। সেখানে, দলমত নির্বিশেষে সবাইকে যোগ দেয়ার আহান জানানো হয়।
এদিকে, ভোর থেকেই শুরু হয় শহীদ মিনারে মঞ্চ তৈরির কাজ। গণজমায়েতে অংশ নিতে সোমবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বিভিন্ন জেলার শিক্ষার্থীরা।
সকাল সাতটার মধ্যেই শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান নেন উত্তরের বিভিন্ন জেলা- পঞ্চগড়, নাটোর, সিরাজগঞ্জের শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা- ফ্যাসিবাদবিরোধী শপথে সারা দেশের মানুষ এক হওয়ার শপথ নেবে।