কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নে শান্তি প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি ও দুর্যোগ মোকাবিলায় যুব নেতৃত্বকে আরও কার্যকর করতে Public Service Announcement (PSA) ও Advocacy কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় হ্নীলা ইউনিয়ন পরিষদের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “Youth-Led Peacebuilding and Social Cohesion Initiatives in Bangladesh & Myanmar” প্রকল্পের আওতায় এ আয়োজন করে SHED ও ActionAid। কর্মসূচিটি ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী। সভাপতিত্ব করেন SHED-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর এরশাদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন SHED-এর প্রতিনিধি আসিফ তাইজুল।
এ সময় বক্তব্য দেন হ্নীলা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রাহামা আক্তার, পিস বিল্ডার মোহাম্মদ ইমরান, হ্নীলা মৌলভীবাজার জমিরিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শামসুল হক, হ্নীলা চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন, রাখাইন সম্প্রদায়ের সভাপতি মংটি অং, স্থানীয় NGO উদয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সোহেল, সে এর প্রতিনিধি আলম মোহাম্মদ রাসেল এবং সোজেলা মহিলা সমিতি কক্সবাজার এর প্রতিনিধি সুমাইয়া।
কর্মসূচিতে হ্নীলা ইউনিয়নের ৫২ জন যুব পিস বিল্ডার অংশ নেন। তারা ইউনিয়নের যেকোনো এলাকায়, যেকোনো সময় দুর্যোগ বা সংকট দেখা দিলে স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়ানো এবং সহযোগিতামূলক কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়ে ঐক্যবদ্ধভাবে অঙ্গীকার করেন।
বক্তারা বলেন, যুবসমাজকে শান্তি প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি, দুর্যোগ মোকাবিলা ও জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হলে স্থানীয় পর্যায়ে সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও শক্তিশালী হবে।
আলোচনা শেষে অংশগ্রহণকারীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।