মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

ন ন্দি নী আ র জু

  • জন্মকথা
  • ২০২৪-১২-২৬ ২৩:০৬:৩৯

অস্তপারে এখন বিবর্ণতা, পেরিয়ে এসেছি
নক্ষত্র আলোর দীর্ঘ পথ ! তবুও আলো-আশা
কুড়িয়ে তুলে নিচ্ছি,--ভরদুপুর, রোদ্দুর, শরৎ নীল-কিনারা।  
শুভ্র মেঘ অবগাহন, ভ্রমণের আহ্লাদ পায়ে মেখে পৃথিবীর পথে ... 

বৃক্ষের অন্ত্যাক্ষরী নম্র কথায় আশ্চর্য মায়া,
কাল থেকে কালে হেঁটে যাই অতুল ঋণ সঞ্চারে--
আকাশ, মাটি ছুঁয়ে আঁকে অজস্র মাধুরী দ্যোতনা।
শুষে নেয় ক্লান্তি। জরা। তবুও মৃত্যুর হাতছানিটুকু
লালিত রাখি বুকের ভিতর। 

হারিয়ে যাওয়া রাত্রি-কমল হেলান দেয় বৈরাগ্যে, 
খোলা জানালায় আলো উদ্ভাস মূক মুহূর্তরা কথা বলে।  
চেনা-অচেনায় বিস্তৃত আড়াল ---
কথা নেই তবুও চুপিসারে কত কথার সমারোহ
তুলেরাখি অক্ষরে অক্ষরে! 

স্পন্দিত দীর্ঘশ্বাসে ফেলে আসা জন্মকথা
রোমন্থনের পুরনো ঋতুবদল ফিরে আসে ত্রস্ত পায়ে।
নতুন কলরবে ফিরিয়েছি মুখ পৃথিবীর জন্ম জন্মের আহবানে ...


এ জাতীয় আরো খবর