সোমবার, আগস্ট ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন একাংশের শ্রমিকদের উপর হামলার অভিযোগ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-২৪ ২১:৪৮:১৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মূলত: বাস শ্রমিক নিয়ে গঠিত জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও কিছু সদস্যের বিরুদ্ধে একই সংগঠনের অপর কিছু সদস্যেকে মারধরের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে পুলিশে অভিযোগ করেছেন আহত শ্রমিকরা।   এ পরিস্থিতিতে  গত শনিবার (২৩ নভেম্বর) থেকে বন্ধ রয়েছে জেলার আভ্যন্তরীন ও আঞ্চলিক এবং আন্ত:জেলা রুটে চলাচলকারী চাঁপাইনবাবগঞ্জের মালিকদের বাস। এতে দূর্ভোগে রয়েছেন যাত্রীরা। রবিবার(২৪ নভেম্বর) বিকালে এ অবস্থার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ভবনে সংবাদ সম্মেলন করেছেন মারধরের শিকার দাবিকারী শ্রমিকরা।
তাদের পক্ষে সাংবাদিকদের সাথে কথা বলেন মোশারফ হোসেন, মোজাম্মেল হক বীর,ফজলে বারী প্রমুখ। তারা বলেন, শ্রমিকদের জেলা ট্রাক,ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নামে আরেকটি সংগঠন রয়েছে।  মুলত: মোটর শ্রমকিদের একটি সংগঠন ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হলেও ২০০৮ সালে পণ্য পরিবহন(ট্রাক) ও যাত্রী পরিবহন(বাস)  শ্রমিকদের পৃথক করে সরকার। বিষয়টি ২০১৬ সালে কার্যকর হয়। কিন্তু ট্রাক সংগঠনের  সদস্যেই থেকে যায় বেশিরভাগ শ্রমিক। যার সংখ্যা প্রায় ৫ হাজার। অপরদিকে বাস সংগঠনটি সেভাবে অগ্রগতি লাভ করে নি। বরং ইদানিং  তারা বারবার সংকট তৈরী করছে। এমতাবস্থায় বাস শ্রমিক নেতৃবৃন্দ কিছু সদস্য নিয়ে গত শনিবার সভা করার সময় নিজেদের কিছু সদস্যদের মারধর করে। ফলে মারধরের শিকার শ্রমিকরা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ব্যারিকেড দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল শুরু হয়। কিন্তু বন্ধ থাকে বাস চলাচল।
সংবাদ সম্মেলনে অংশ নেয়া ট্রাক শ্রমিক সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বলেন, তারা বাস শ্রমিকদের ট্রাক সংগঠনে রাখতে চান না। কিন্তু  এতবছর যাবৎ ট্রাকের পরিচয়পত্রধারী বাস শ্রমিকদের একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওই সংগঠনে যেতে হবে। এ জন্য সমঝোতা করতে হবে। জোর জলুম করলে হবে না। বাস সংগঠনের কার্যক্রম হতে হবে পরিস্কার ও প্রকাশ্য।
এ ব্যাপারে বাস শ্রমিক সাধারণ সম্পাদক  আব্দর রউফ জুলমত বলেন,তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয়। উদ্দেশ্য প্রণোদিত। গত শনিবার বাস শ্রমিকদের সাধারণ সভা ভন্ডুল করতে বাসযোগে যাওয়া কিছু শ্রমিকদের প্রতিরোধ করলে কেউ আহত হতে পারেন। বাসের ওই শ্রমিকরা ও ট্রাক শ্রমিক নেতারা যা করছেন  বা বলছেন তা আইনসম্মত নয়। এর বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হবে। বাস বন্ধের সাথে তাদের কোন সম্পর্ক নেই। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, অভিযোগের তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


এ জাতীয় আরো খবর