বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম মন্তব্য করেছেন,শিক্ষক পদত্যাগের নামে সারা দেশে যা হচ্ছে এবং যে প্রক্রিয়ায় তা হচ্ছে সেটা সমর্থনযোগ্য নয় ৷ নিজের ফেইসবুক পেইজে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, "কেউ যদি ফ্যাসিস্টদের ক্ষমতার অপব্যবহার করে অন্য শিক্ষক বা শিক্ষার্থীদের সাথে অন্যায় করে তাহলে নিয়মতান্ত্রিকভাবে আইনের মধ্য দিয়ে তদন্ত সাপেক্ষে তার বিচার হওয়া উচিত৷ কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া, মব জাস্টিস করা, কখনোই গ্রহনযোগ্য নয়।"
তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীর যে শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক আমাদের শিক্ষার পরিবেশকে সুন্দর করে তুলতে পারে সেই সম্পর্ক যেন তিক্ততার না হয়, দূরত্বের না হয়, ভীতির না হয় ৷
সুযোগ বুঝে কেউ শিক্ষার্থীদের নিজ স্বার্থে ব্যবহার করছে কিনা সেই প্রশ্নও তোলেন সারজিস। বলেন, "অনেক শিক্ষার্থী হয়তো জানেই না যে তাদেরকে ব্যবহার করে অন্য শিক্ষক এই কাজটি করাচ্ছে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ৷ যারা বিভিন্ন উদ্দেশ্যে অন্যায় প্রক্রিয়ায় এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিৎ।"