আজ শুক্রবার (৩০শে আগস্ট) আরব সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে পূর্বাভাস দিয়েছে ভারত ও পাকিস্তানের আবহাওয়া দফতর। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তর হওয়ার পর সেটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের পাশাপাশি পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের উপকূলে আঘাত হানতে পারে।
নিম্নচাপের প্রভাবে ভারতের উপকূলীয় অঞ্চলগুলোতে চলছে ভারী ও টানা বর্ষণ। নদীনালা ও অন্যান্য জলাশয়ের পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে অনেক জায়গায়।
অন্যদিকে পাকিস্তানের আবহাওয়া দফতরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঝড় মোকাবিলার তাগিদ দিয়েছে। সিন্ধের প্রাদেশিক সরকারকে ঝড় মোকাবিলার প্রস্তুতি নিতে বলা হচ্ছে। সিন্ধের বিভিন্ন জেলায় ব্যাপক বৃষ্টি হচ্ছে বলেও জানা গেছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টির কারণে ঝড় আসার আগেই সিন্ধের কয়েকটি স্থানে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।