মাদক পাচারকারী চক্রের সঙ্গে রাজনীতিক ও প্রভাবশালী ব্যক্তিদের কথিত যোগসাজশ নিয়ে অনুসন্ধান ও প্রকাশ্যে বক্তব্য দেওয়ার জেরে কোস্টারিকায় স্বাধীন সাংবাদিক কামিলো রদ্রিগেজকে গুলি করে হত্যা করা হয়েছে। মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্তের গুলিতে ৫০ বছর বয়সী এই সাংবাদিক নিহত হন। এ ঘটনায় দেশটিতে সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সোমবার রাজধানী সান হোসের উপকণ্ঠে সান্তো দোমিঙ্গো দে এরেদিয়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। দেশটির পুলিশপ্রধান রাউল রিভেরা জানান, গাড়ি চালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি রদ্রিগেজকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
রদ্রিগেজ এর আগে মাদক পাচারকারী চক্রের কাছ থেকে একাধিকবার প্রাণনাশের হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বিভিন্ন মাদক কারবারির পরিচয় প্রকাশ করতেন। পাশাপাশি মাদক পাচারকারীদের সঙ্গে রাজনীতি ও ব্যবসায়িক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিদের কথিত সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর কাছে তথ্য ও প্রতিবেদন দেওয়ার দাবিও করেছিলেন।
রদ্রিগেজের প্রকাশিত অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছিল। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় তিনি লরা ফার্নান্দেজের বিরুদ্ধে একটি ভিডিও প্রকাশ করেন। এতে দাবি করা হয়, এক মাদক কারবারির অর্থে ফার্নান্দেজের বাড়ি নির্মিত হয়েছে। অভিযোগের পর ফার্নান্দেজ তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন।
তবে সাংবাদিক হত্যার ঘটনায় দেওয়া এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ফার্নান্দেজ বলেন, রদ্রিগেজের বক্তব্যের বিষয়বস্তু যা-ই হোক না কেন, তাঁর হত্যাকাণ্ড মতপ্রকাশের স্বাধীনতার জন্য কলঙ্কজনক।
কোস্টারিকার অ্যাটর্নি জেনারেল কার্লো দিয়াজ জানিয়েছেন, হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। রদ্রিগেজ যেসব ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে মাদক পাচার ও সংঘবদ্ধ অপরাধের অভিযোগ তুলেছিলেন, তাঁদের পাশাপাশি হত্যার পেছনে অন্য কারও স্বার্থ জড়িত ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।
তাঁর ভাষ্য অনুযায়ী, রদ্রিগেজকে সাক্ষী ও ভুক্তভোগীদের সহায়তা কর্মসূচির আওতায় আনা হলেও তিনি অতিরিক্ত নিরাপত্তার জন্য প্রস্তাবিত সুরক্ষা কর্মসূচিতে যোগ দিতে রাজি হননি।
এদিকে কোস্টারিকার সাংবাদিক সমিতি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। সংগঠনটির সভাপতি ইয়ানানসি নোগুয়েরা বলেছেন, সংঘবদ্ধ অপরাধ নিয়ে তথ্য প্রকাশকারী একজন সাংবাদিকের হত্যাকাণ্ড দেশটির ভিন্নমত প্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক মাদক পাচারের গুরুত্বপূর্ণ ট্রানজিট ও সরবরাহকেন্দ্র হিসেবে কোস্টারিকায় অপরাধ ও সহিংসতা বেড়েছে। ২০০১ সালে সাংবাদিক পারমেনিও মেদিনাকে হত্যার পর রদ্রিগেজের হত্যাকাণ্ড দেশটির সাংবাদিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক ২৫ বছরের মধ্যে দেশটিতে সাংবাদিক হত্যার এটি প্রথম ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
কোস্টারিকায় সাংবাদিক হত্যা, কামিলো রদ্রিগেজ, মাদক পাচার চক্র ও রাজনীতি