প্রিয় মুগ্ধ,
আজ তোমাকে বড় বেশী মনে পড়ছে।
শহীদ মিনারে আজ নেমেছিলো
লাখো মানুষের ঢল...।
বহুদূর থেকে হেঁটে হেঁটে এসে
ওদের অনেকেই ছিলো ভীষণ তৃষ্ণার্ত।
কিন্তু তোমার মতো করে কেউ এসে ওদের বলেনি-
'পানি লাগবে, পানি...?'
প্রিয় আবু সাঈদ,
যখন ওরা সমস্বরে প্রাণ ঢেলে গাইছিলো-
'এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি.. '
আমার চোখে ভাসছিলো চিতানো বুকের
প্রত্যয় দীপ্ত তোমার প্রিয় মুখ।
সত্যিই তো! যে দেশে তোমার মতো আবু সাঈদরা
যুগে যুগে জন্মায় সে দেশই তো হয় সকল দেশের সেরা।
প্রিয় তানভীন,
শহীদ মিনারে লাখো জনতার ঢল দেখে মনে হচ্ছিলো -
আজ যদি আমাদের তানভীন বেঁচে থাকতো...
নিশ্চয়ই নিজের বানানো ড্রোন দিয়ে উপর থেকে
এই বিশাল সমাবেশের চমৎকার কিছু ছবি তুলতো..।
প্রিয় ফাইয়াজ,
তোমার মিষ্টি হাসির সারল্য মাখা কচি মুখটা
আজ বড় বেশী মনে পড়ছে।
তোমাদের রক্ত বৃথা যায়নি,
মানুষ আজ সব ভয়-ভীতি উপেক্ষা করে
রুখে দাঁড়িয়েছে.... এই দৃশ্য দেখে
আকাশের ওপার থেকে তুমি নিশ্চয়ই
তেমনই মিষ্টি করে হাসছো।
যে দেশে মুগ্ধ, তানভীন, আবু সাঈদ, ফাইয়াজরা বারবার জন্মায়....
সে দেশ কখনো হারে না...কখনো হারবেও না।