শুক্রবার, মে ১, ২০২৬

তরুণ প্রতিভা খুঁজে আনতে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৫-০১ ২০:৩৯:২৩

দেশজুড়ে তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি। শনিবার সিলেট জেলা স্টেডিয়াম থেকে এ আয়োজনের উদ্বোধন করবেন তারেক রহমান। তিনি ভার্চুয়ালি দেশের বিভিন্ন জেলা স্টেডিয়ামের প্রতিযোগীদের সঙ্গে যুক্ত হয়ে এই উদ্যোগের সূচনা করবেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং ক্রীড়া পরিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত এই কর্মসূচি আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ ‘নতুন কুঁড়ি’র আধুনিক রূপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর লক্ষ্য ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং রাষ্ট্রীয়ভাবে তাদের বিকাশের সুযোগ তৈরি করা।
এই বৃহৎ আয়োজনের আওতায় আটটি খেলা রাখা হয়েছে। এগুলো হলো ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট। অংশগ্রহণকারীরা ধাপে ধাপে ইউনিয়ন, উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায় অতিক্রম করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে।
আয়োজক সূত্র জানায়, গত এপ্রিল মাসে অনলাইন নিবন্ধনে এক লাখ ৬০ হাজারের বেশি কিশোর-কিশোরী অংশ নিয়েছে। এর মধ্যে ছেলেদের সংখ্যা এক লাখের বেশি এবং মেয়েদের অংশগ্রহণও উল্লেখযোগ্য। সর্বাধিক আবেদন জমা পড়েছে সিলেট জেলায়।
সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধনী আয়োজনকে ঘিরে প্রস্তুতি প্রায় শেষ। প্যান্ডেল, আলোকসজ্জা ও শব্দ ব্যবস্থার কাজ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে মাঠে খুদে ক্রীড়াবিদরা অনুশীলন শুরু করেছে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে কাজ করছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো দেশকে ১০টি অঞ্চলে ভাগ করে প্রতিযোগিতা পরিচালনা করা হবে, যাতে প্রতিটি এলাকার প্রতিভাবান খেলোয়াড় সুযোগ পায়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কী-ওয়ার্ডস:নতুন কুঁড়ি,ক্রীড়া প্রতিভা,যুব উন্নয়ন


এ জাতীয় আরো খবর