শনিবার, মে ২, ২০২৬

লাল বাটনে সূচনা,শুরু হলো নতুন কুঁড়ি স্পোর্টস

  • সিলেট প্রতিনিধি::
  • ২০২৬-০৫-০২ ১৮:১০:৪২
ছবি: সংগৃহীত।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’-এই স্লোগান সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বিকাল ৫টায় সিলেট মহানগরের রিকাবীবাজারে জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের উপস্থিতিতে একটি লাল বাটন চেপে ট্রফি ও লোগো উন্মোচনের মাধ্যমে কর্মসূচিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। একই সময়ে দেশের বিভিন্ন জেলা স্টেডিয়াম থেকেও খুদে ক্রীড়াবিদরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এই কর্মসূচির মাধ্যমে সারাদেশে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় এবার ইউনিয়ন ও সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায় থেকে কার্যক্রম শুরু হয়েছে।
১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের বিকাশের সুযোগ সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ক্রীড়া পরিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে এবং এর তত্ত্বাবধানে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কী-ওয়ার্ডস:নতুন কুঁড়ি,ক্রীড়া উদ্বোধন,তরুণ প্রতিভা


এ জাতীয় আরো খবর