মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

বুধবার রতভর বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কলকাতার নারীরা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-১৫ ১০:০৯:৫০

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ভারতের আরজি কর মেডিক্যাল কলেজে হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গতকাল বুধবার রতভর বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কলকাতার নারীরা। কলকাতার তিনটি স্থানে ‘মেয়েরা রাত দখল করো’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। তবে সেই কর্মসূচিতে অংশ নেয় পুরো কলকাতার নারীরা।
এই প্রতিবাদ কর্মসূচি পালন করার সময় হামলা চালানো হয় আরজি কর হাসপাতালে। ভাঙচুর চালানো হয় হাসপাতালের জরুরি বিভাগে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ লাঠিচার্জ করে। ছোড়া হয় কাঁদানে গ্যাস। 
অন্যদিকে, যাদবপুরের কর্মসূচিতে দুই প্রতিবাদী নারীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। থানার সামনে ও যাদবপুর থানা মোড়ে রতভর চলে অবস্থান বিক্ষোভ।
রাত ১১টা ৫৫ মিনিট থেকে কর্মসূচি শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু সন্ধ্যার পর থেকেই একটু করে বাড়তে থাকে বিক্ষোভকারীরা। রাত ৯টার আগে থেকেই যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে ভিড় বাড়তে শুরু করে নারীদের। 
গত ১০ আগস্ট রাতে ফেসবুকে পোস্ট করে মেয়েদের রাত দখলের আহ্বান জানিয়েছিলেন নারী নেত্রী রিমঝিম সিংহ। ক্রমে ক্রমে তা আন্দোলনের রূপ নেয়। সেই রিমঝিমও রাত ৯টার খানিক আগে ৮বি বাসস্ট্যান্ডে পৌঁছে গিয়েছিলেন। হাতে সাতরঙা পতাকা। 
সেখানে রিমঝিম বলেন, এই বিপুল সাড়া প্রমাণ করে যে, আমাদের সকলের মধ্যেই ক্ষোভ ছিল। সেই ক্ষোভ থেকেই আমরা জড়ো হয়েছি। বিচার তো আমরা অবশ্যই চাইব। কিন্তু মনে রাখতে হবে, কাঠামোগত পরিবর্তন দরকার। মূলে গিয়ে শোষণের প্রত্যেকটা কারণকে তুলে ধরা দরকার।
এই কর্মসূচি ‘রাজনৈতিক না অরাজনৈতিক’, সেই প্রশ্নে রিমঝিম বলেন, আমি প্রথমে যখন এটার ডাক দিয়েছিলাম, এতটা সাড়া পাব ভাবিনি। এখানে কোনও রাজনৈতিক দলের পতাকার ঠাঁই নেই। এটা নারী স্বাধীনতার আন্দোলন। এটার সঙ্গে সংসদীয় রাজনীতির কোনও সম্পর্ক নেই। এটা বিকল্প ধারার রাজনীতি। জনগণের মত নিয়ে চলার রাজনীতি।
এদিকে কলকাতার সল্টলেক, বেহালা, গড়িয়া, শ্যামবাজারেও মিছিল বের হয়েছিলো। কর্মসূচি ছিল আরজি কর হাসপাতালের সামনে থেকেও। নির্ধারিত সময়ে সেখানেও মিছিল শুরু হয়। ঠিক তার পরেই ওই হাসপাতালে হামলার ঘটনা ঘটে। 
আরজি করে হামলার ঘটনার পরেই ক্ষোভ আছড়ে পড়ে রাতদখলের মিছিলগুলিতে। যাদবপুরে পুলিশকে ঘিরে বিক্ষোভ করে মিছিলে থাকা নারীরা। সেই সময় দুই নারীকে ধাক্কা দেওয়ারও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এর প্রতিবাদে গভীর রাতে যাদবপুরে অবস্থানে বসেন প্রতিবাদীরা। তাঁদের সঙ্গে ছিলেন সোহিনী সরকার, উষসী রায়, সৌরসেনী সরকার, তনিকা বসু-সহ টলিউডের অনেকে। প্রায় আড়াই ঘণ্টা পর ভোর ৫টা নাগাদ অবস্থান তুলে নেন তাঁরা।


এ জাতীয় আরো খবর