মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদে চট্টগ্রাম যুবলীগের বিক্ষোভ
- হাসান মেহেদী:
-
২০২৪-০৭-১৫ ২০:২৫:১৪
- Print
কোটাবিরোধী আন্দোলনকারী কর্তৃক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কটুক্তি ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম যুবলীগের নেতৃবৃন্দ। আজ (সোমবার) বেলা সাড়ে ১১ টায় জেলা যুবলীগের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা যুবলীগ।
এ সময় বক্তারা বলেন, কোটাবিরোধী আন্দোলনের নামে একটি গোষ্ঠী মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের অবমাননা করে চলেছে। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বাংলা ব্লকেড নাম দিয়ে তারা দেশের মানুষকে এক ধরনের জিম্মি করে রেখেছে। তাদের কারণে দিনের পর সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের এই অপতৎপরতা আর চলতে দেওয়া যায় না। এই দেশবিরোধী কর্মকাণ্ড বন্ধ না হলে যুবলীগ ঘরে বসে থাকবে না।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সহসভাপতি শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. এরশাদ হোসেন ও আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক এম এ খালেদ চৌধুরী, ত্রাণবিষয়ক সম্পাদক মো. সাহেদ সরওয়ার, হাটহাজারী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল হামিদ, যুবলীগ নেতা মোহাম্মদ হানিফ, মো. ইকবাল হোসেন, আরিফুল ইসলাম প্রমুখ।