চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কাগজপত্রবিহীন ৬৭ বস্তা সার সহ একটি পিকআপ গাড়ি আটক করেছে পুলিশ। পরে পিকআপে থাকা সার নিয়ে যাওয়া ব্যাক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত,পুলিশ ও কৃষি বিভাগ সূত্রে জানা যায়, শনিবার(২১ নভেম্বর) রাত ১১টার দিকে গোমস্তাপুরের রহনপুর থেকে আড্ডাগামী সড়কের বংপুর ব্রীজ এলাকায় সড়কে চেকপোষ্ট বসিয়ে ডিউটি করার সময় ৬২ বস্তা ড্এিপি ও ৫ বস্তা ইউরিয়া বোঝাই পিকআপটি আটক করে পুলিশ। এ সময় সার কেনার বৈধ রশিদ না থাকায় পিকআপ চালক ও সারের সাথে থাকা জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট কুটুবাজার এলাকার মো.জাহাঙ্গীর(৪০) নামে এক ব্যাক্তিকে আটক করে সংশ্লিস্ট কর্তৃপক্ষকে খবর দেয়া হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান ও অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার হাসান আতিকুর রহমান ঘটনাস্থলে পৌঁছে আটকদের জিজ্ঞাসাবাদ করেন। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালতে জাহাঙ্গীরকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়া জব্দ সার সরকারি মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা করার জন্য কৃষি বিভাগকে নির্দেশ দেন।
রবিবার(২২ নভেম্বর) ইউএনও বলেন, ভাউচার ছাড়া ওই সার নওগাঁর সাপাহার উপজেলা থেকে কানসাট নিয়ে যাওয়া হচ্ছিল। জাহাঙ্গীর নামে যে ব্যাক্তি সার নিয়ে যাচ্ছিল তাঁকে ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইনে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। জব্দ সার মাষ্টাররোল প্রস্তুত করে কৃষকদের নিকট বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা করার শর্তে কৃষি বিভাগের জিম্মায় দেয়া হয়েছে।