গুজরাটের রাজকোটে একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যার দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান চলছে। আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গব বলেছেন, উদ্ধার অভিযান চলছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত প্রায় ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ৯ জনই শিশু।
তিনি জানান, গেমিং জোনটির মালিক যুবরাজ সিং সোলাঙ্কি নামে এক ব্যক্তি। আগুনের ঘটনায় অবহেলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দেয়া হবে।