শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ ১০ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর বাকবিশিস'র স্মারকলিপি
- হাসান মেহেদী:
-
২০২৪-০৪-৩০ ২২:৪২:০৯
- Print
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ ১০ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ-কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। আজ (মঙ্গলবার) ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর , বরিশাল, খুলনা, রাজশাহী, গাইবান্ধা, নরসিংদী, সুনামগঞ্জ , মানিকগঞ্জ, ময়মনসিংহ , দিনাজপুরসহ দেশের সকল জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছে বাকবিশিস'র প্রত্যেক জেলা কমিটির নেতৃবৃন্দ। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন শিক্ষক নেতারা। ১০ দফা দাবির মধ্যে রয়েছে - অসাম্প্রদায়িক, বিজ্ঞান মনস্ক, যুক্তিবাদী জ্ঞান ও কর্মমুখী একটি শিক্ষা কারিকুলাম প্রণয়ন, জাতীয় বাজেটে দেশের মোট জিডিপির ৬ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ, শ্রেণিকক্ষে ছাত্র শিক্ষকের আদর্শ অনুপাত ৩০ঃ১ নিশ্চিতকরণ, সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক-
কর্মচারীদেরও শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক- কর্মচারীদের জন্য সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় অবসর সুবিধা প্রদান,
জাতীয় শিক্ষানীতির আলোকে বেসরকারি কলেজে সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের পদ সৃষ্টি, শিক্ষা প্রশাসনে বেসরকারি শিক্ষকদের আনুপাতিক হারে পদায়ন নিশ্চিতকরণ, শিক্ষক নিয়োগ, বদলি ও পদায়নের জন্য স্বতন্ত্র কমিশন গঠন এবং শিক্ষক ও সংস্কৃতি কর্মীদের উপর শারীরিক ও মানসিক নিপীড়ন ও নির্যাতন বন্ধ।
স্মারকলিপি প্রদানকালে বাকবিশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আজিজুর রহমান বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠন করার লক্ষ্যে ১৯৭২ সালের সংবিধানের আলোকে অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী জ্ঞান ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রবর্তনের দাবিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি। দাবি বাস্তবায়নে উদ্যোগ না নিলে আমরা সারাদেশের শিক্ষকসমাজ ও সচেতন নাগরিকদের নিয়ে আন্দোলন কর্মসূচির দিকে যাবো।