মঙ্গলবার (২৩ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সংসদ কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সামাজিক মাধ্যম টিকটক বন্ধের বিল পাস হয়েছে।বিলটির অনুমোদন দেয় কংগ্রেসের উচ্চকক্ষ। এর আগে গত মাসে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বিলটি পাস করে।
তবে কংগ্রেস সামাজিক মাধ্যমটির মূল মালিকানা প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্সকে এ অ্যাপের মালিকানা বিক্রি করে দিতে ৯ মাস সময় বেঁধে দিয়েছে। অন্যথায় অ্যাপটি যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে। বিলটি প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে। ইতিমধ্যে বাইডেন বলেছেন, বিলটি তার টেবিলে পৌঁছালে দ্রুত এতে সই করবেন তিনি। বাইডেন বিলে সই করলে তা আইন হয়ে যাবে। এর পর টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে বাধ্যতামূলকভাবে টিকটক বিক্রির বিষয়ে চীনা কর্তৃপক্ষের অনুমোদন চাইতে হবে। তবে ইতোমধ্যেই এ বিষয়ে জোরালোভাবে বিরোধিতা করছে বেইজিং।
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ জনপ্রিয় ভিডিও শেয়ারিং এই অ্যাপটি ব্যবহার করেন। তবে এর সাথে চীনা সরকারের যোগসূত্র এবং এর ব্যবহারকারীদের তথ্য উপাত্তের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। মার্কিন আইনপ্রণেতাদের আশংকা, চীনা সরকার যুক্তরাষ্ট্রের ১ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য উপাত্ত তাদের কাছে হস্তান্তরের জন্য টিকটককে ব্যবহার করতে পারে। তবে টিকটকের বিষয়ে বাইটড্যান্স দৃঢ়তার সাথে বলে আসছে চীনা সরকারকে বিদেশি ব্যবহারকারীদের তথ্য দেয়া হবে না।