ইসরাইলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগ করেছেন। গত ৭ই অক্টোবর ইসরাইলে হামাসের চালানো হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। তবে নতুন গোয়েন্দা প্রধান নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। সোমবার (২২শে এপ্রিল) প্রকাশিত ইসরাইলের সামরিক বাহিনীর বিবৃতি থেকে এসব জানা যায়।
এর আগে, গত বছরের ৭ই অক্টোবর হামাসের যোদ্ধারা সীমান্ত পেরিয়ে ইসরাইলে ঢুকে হামলা চালায় ও বহু ইসরাইলিকে জিম্মি করে নিয়ে যায়। ওই দিনের পর থেকে গাজায় নজিরবিহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
এ পর্যন্ত যুদ্ধে ইসরাইলি হামলায় ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নির্বিচার হত্যা ও জিম্মি মুক্তির বিষয়টি ঝুলে থাকায় ইসরাইলের প্রতি ক্ষোভ বাড়ছে বিশ্বজুড়ে। তুমুল আলোচনা শুরু হয়েছে সামরিক গোয়েন্দা ব্যর্থতা নিয়েও।