সোমবার, মে ২৫, ২০২৬

ইসরাইল যদি তেহরানের স্বার্থবিরোধী কাজ করে তবে তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের জবাব দেবে ইরান

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-২০ ১৭:৩১:৪০

শুক্রবার ইরানের ইস্ফাহান শহরে বিস্ফোরণের জন্য ইসরাইলকে দায়ী করা হলেও একদিন পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ হামলা ইসরাইল করেছে তার প্রমাণ এখনও পাওয়া যায়নি। এ বিষয়ে ইরান তদন্ত করছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইল যদি তেহরানের স্বার্থবিরোধী কাজ করে তবে তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের জবাব দেবে ইরান। ইরান ও ইসরাইলের মধ্যে হামলা পাল্টা-হামলা এবং হুমকি-ধমকি চললেও মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ কিছুটা কমেছে বলে মনে করছেন কূটনীতিক ও মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা। 
মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজকে দোভাষীর মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির এ হুঁশিয়ারি দেন।
আমেরিকা ও পশ্চিমাদের কূটনৈতিক প্রচেষ্টায় আপাতত ইসরাইল ও ইরানের দ্বন্দ্ব সংঘাত এড়ানো গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ সপ্তাহে তেলআবিব সফরের পর ইতালিতে জি সেভেন সদস্য দেশের পরররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত এড়ানোর বিষয়ে তৎপর ছিলেন। 
শুক্রবার ভোরে ইরানের ইস্ফাহান শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরপর দুই অজ্ঞাত কর্মকর্তার বরাতে ইরানে ইসরাইল ‘ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে বলে খবর দেয় মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ। যদিও তেহরান বলছে, তারা বেশ কয়েকটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করেছে। পাশাপাশি তাদের দেশে বিদেশি কোন হামলা হয়নি বলেও দাবি করেছে। 
এছাড়া, ওই ঘটনার দুদিন পরেও ইসরাইল এ নিয়ে কিছুই বলেনি।


এ জাতীয় আরো খবর