মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ঈদুল ফিতরের দিন ইসরাইলের হামলায় হামাসের প্রধান নেতা ঈসমাইল হানিয়ার তিন ছেলে নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-১১ ১৯:২১:৫৬

গাজার উত্তরপূর্বাঞ্চলের শাতি শরণার্থী শিবিরে ঈদুল ফিতরের দিন বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ঈসমাইল হানিয়ার তিন ছেলে নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন তার চারজন নাতি-নাতনিও। বুধবার (১০ই এপ্রিল) এক সাক্ষাৎকারে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হানিয়া নিজে। 
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, হানিয়ার ছেলেদের লক্ষ্য করে, ঈদুল ফিতরের দিন গাজার উত্তরপূর্বাঞ্চলের শাতি শরণার্থী ক্যাম্পে হামলা চালানো হয়। তবে সন্তানদের মৃত্যুতে তাকে বিচলিত হতে দেখা যায়নি। তিনি বলেছেন, শহীদদের রক্ত এবং আহতদের যন্ত্রণার মাধ্যমে আশা তৈরি হয়, আমরা ভবিষ্যৎ তৈরি করি, আমরা আমাদের মানুষ ও জাতির জন্য স্বাধীনতা ও মুক্তি তৈরি করি।
তিনি আরও জানান, চলমান যুদ্ধে এখন পর্যন্ত তার পরিবারের ৬০ সদস্য নিহত হয়েছেন। এবার ঈদ উপলক্ষ্যে আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করতে শাতি শরণার্থী ক্যাম্পে গিয়েছিলেন তার ছেলেরা। ওই সময়ই হামলা চালিয়েছে ইসরাইল।  
হানিয়া বলেন হামাস নেতাদের বাড়িঘর ও পরিবারের সদস্যদের ওপর এমন হামলা চালিয়ে হামাসকে থামানো যাবে না। শত্রুরা প্রতিশোধ, হত্যা এবং রক্তপাতে উদ্বুদ্ধ হয়েছে এবং তারা কোনো আইন মানেনা। ছেলেদের হত্যার মাধ্যমে যুদ্ধের গতিপথ বদলাবে না এবং হামাস যুদ্ধবিরতির দাবি থেকে এক পাও সরে আসবে না। এসবের পাশাপাশি হানিয়া যোগ করেন, ফিলিস্তিনের সন্তানদের চেয়ে তার সন্তানদের রক্তের মূল্য বেশি নয়। ফিলিস্তিনের সকল শহীদ তার সন্তান।  
পরিবার-পরিজন গাজাতে থাকলেও নিরাপত্তার কারণে ঈসমাইল হানিয়া কাতারে বসবাস করেন। সেখান থেকেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সব কার্যক্রম পরিচালনা করেন।

 


এ জাতীয় আরো খবর