তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অপসারণের মামলা খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। বৃহস্পতিবার (৪ এপ্রিল) হিন্দু সেনা নামের একটি সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্তের দায়ের করা মামলাটি খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। এসময় অস্থায়ী প্রধান বিচারপতি মনমোহন বলেন, কেউ মুখ্যমন্ত্রী থাকবেন কি না, তা আদালতের বিচার্য নয়, গণতন্ত্রই তা ঠিক করবে।
গত ২১শে মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজত শেষে দিল্লি মুখ্যমন্ত্রীর জায়গা হয়েছে তিহার জেলে। জেল থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করার কথা জানিয়েছেন তিনি।
তবে কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের জন্য তৎপর হয়ে উঠেছে বিজেপি। তাদের বক্তব্য, ঘুষ নেয়া মুখ্যমন্ত্রীকে সরাতে হবে। এ দাবিতে একাধিক মামলাও করা হয়েছিল। আগের দুটি মামলা খারিজের পর হাইকোর্ট বৃহস্পতিবার এ সংক্রান্ত আরো একটি মামলা খারিজ করে দিলো।
অন্যদিকে, কেজরিওয়াল জামিনের আবেদন করেছেন। এ অবস্থায় তাকে বরখাস্ত করা সঠিক সিদ্ধান্ত হবে কিনা এ নিয়ে দ্বন্দ্বে রয়েছে বিজেপি। তারা তাই মুখ্যমন্ত্রীর তরফ থেকে ইস্তফা চাইছেন। অথবা আদালতকে দিয়ে তা করাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তিনবার একই ধরনের আবেদন খারিজের মাধ্যমে আদালত বুঝিয়ে দিল তা আর সম্ভব নয়।