যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় কিছু ছোট শহরসহ বন্দর নগরী হোদেইদা এবং রাসইসাতে হামলা চালিয়েছে।এ হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। হুথি পরিচালিত টেলিভিশন আল মাসিরার খবরে বলা হয়েছে, বন্দর দুটিতে ১৭ বার বিমান হামলা চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদন থেকে আরও জানা যায়, সোমবার (১১ই মার্চ) সংঘটিত এসব হামলায় আরও ১৪ জন আহত হয়েছে বলে ইয়েমেনের সরকারের এক মুখপাত্র জানিয়েছে তাদের।
গত বছরের নভেম্বর থেকে গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে লোহিত সাগরে চলাচলকৃত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এই প্রেক্ষাপটেই হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে এই প্রথম তাদের হামলায় ইয়েমেনের বেসামরিক নাগরিকের প্রাণহানির ঘটনা ঘটলো।
সম্প্রতি হুতিদের হামলায় একটি ব্রিটিশ জাহাজ ডুবে যায় ও তিনজন নিহত হয়। এর জেরেই কয়েকদিনের মধ্যে ইয়েমেনে আবার হামলা চালালো মার্কিন-ব্রিটিশ বাহিনী। সোমবার ইয়েমেনে রোজার প্রথমদিনে হামলাগুলো চালায় মার্কিন-ব্রিটিশ বাহিনী।
হুতিদের হামলার ঝুঁকি এড়াতে অনেক জাহাজ এখন লোহিত সাগরের জলপথ ব্যবহার বাদ দিয়েছে। তারা এডেন উপসাগর, লোহিত সাগর ও সুয়েজ খাল এড়িয়ে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে গন্তব্যে যাচ্ছে। এতে অনেক বেড়ে গেছে পরিবহন খরচ।