পৃথক দুইটি কয়লাখনি দুর্ঘটনায় চীনে ১২ জন নিহত হয়েছেন। ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে এই দুটি দুর্ঘটনা ঘটে। চীন সরকার খনি নিরাপত্তা আইন সংশোধনের পরও এই খাতে দুর্ঘটনার পরিমাণ বেড়েই চলেছে। পরিস্থিতি আগের তুলনায় আরও খারাপ হয়েছে।
গতকাল সোমবার (১১ই মার্চ) রাতে শানজি প্রদেশের জংইয়াং কাউন্টিতে একটি খনিটিতে কাজ চলাকালে ভূগর্ভস্থ কয়লার বাংকার ধসে পড়ে ঘটনাস্থলেই মারা যান ৫জন। এখনো নিঁখোজ রয়েছেন দুজন। দ্বিতীয় দুর্ঘটনায় চীনের পূর্বাঞ্চলের আনহুই প্রদেশের হুয়াইহে এনার্জির কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে ৭ জন নিহত ও ২ জন নিখোঁজ হন।
২০২৩ সালে চীনের শীর্ষস্থানীয় কয়লা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে দুর্ঘটনায় মৃত্যুর হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। সরকার দুর্ঘটনা কমাতে অতিরিক্ত কয়লা উৎপাদন না করার নির্দেশ দেয়। পাশাপাশি কয়লাখনিতে নিরাপত্তা সংশ্লিষ্ট বিদ্যমান আইন সংস্কারেও সরকার পদক্ষেপ নেয়। এর পরেও গত মাসে চীনের পিংডিংশান শহরে কয়লাখনি দুর্ঘটনায় ১০ জন মারা যান। এ সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা তল্লাশি করা হয়। কিন্তু এখন পর্যন্ত চোখে পড়ার মতো তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।