ফটিকছড়িতে অবৈধ কাঠ পরিবহনের দায়ে ৫ ট্রাক জব্দ
- হাসান মেহেদী:
-
২০২৪-০২-২২ ২২:০১:০১
- Print
চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ কাঠ পরিবহনের দায়ে ৫টি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার দিবাগত রাতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৫টি ট্রাকসহ প্রায় ২০০০ সিএফটি কাঠ জব্দ করেছে।
বুধবার গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটা, বালু উত্তোলন ও অবৈধভাবে বনজদ্রব্য পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বৃন্দাবনহাট বড়ুয়াপাড়া এলাকায় অবৈধভাবে কাঠ পরিবহনের সময় তল্লাশি চালানো হয়। এ সময় কাঠ বোঝাই করা ট্রাকগুলো জব্দ করা হয়। এসব কাঠ উপজেলার হেয়াকো ও পার্বত্য চট্টগ্রামের রামগড়ের বিভিন্ন বন ও বাগান থেকে অবৈধভাবে কেটে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছেন উপজেলা নির্বাহী অফিসার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৬(৫) ধারা মোতাবেক অপরাধের গুরুত্ব বিবেচনায় ও ঘটনাস্থলে আসামী পাওয়া না যাওয়ায় নিয়মিত মামলা দায়েরের জন্য বন বিভাগের নারায়ানহাট রেঞ্জের নিকট হস্তান্তর করা হয়েছে। বনবিভাগ বন আইন ১৯২৭ এর ৪১ও ৪২ ধারায় মামলা রুজু করবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। মোবাইল কোর্টের এই ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।