বাংলা মোদের মায়ের ভাষা, মিশে আছে বাঙালির প্রাণে-
রফিক, সালাম, জব্বার বরকতেরা বেঁচে থাকবে বাংলার ভুবনে।
মায়ের ভাষা ছিনিয়ে আনতে সূর্য সন্তানেরা আসলো পথে নেমে,
অকাতরে বিলিয়ে দিল প্রাণ মাতৃভাষার প্রেমে।
ভাষার ইতিহাসে কোথাও এমন রক্ত ঝরেনি
কোন জাতি মায়ের ভাষার জন্য কখনো জীবন দিয়ে লড়েনি।
এই বাংলার প্রতি ইঞ্চি কণা মাটির পাঁজর জুড়ে
মাথা উঁচু করে থাকবে তোমরা বাংলার শহীদ মিনারে।
এমন বৃহৎ বিসর্জনে অর্জন, ত্যাগের ভাষা আছে কার
গর্ব মোদের সালাম, রফিক, বরকত, জব্বার;
তোমাদের রক্ত বিসর্জনেই খুললো বাংলার স্বাধীনতার দ্বার।
বাংলা মোদের মুখের ভাষা শিখেছি মায়ের কাছে,
অন্য ভাষা যতই থাকুক থাকবে কিন্তু পিছে।
এই নশ্বর দুনিয়াতে যত ভাষা আছে,
মাধুর্যে সব তুচ্ছ অতি বাংলা ভাষার কাছে।
অ আ ই.. বর্ণমালাতে কত সুন্দর বাংলার সাজ
ছন্দবদ্ধ বিন্যাসেতে হয় যে সুরের কারুকাজ।
বাংলায় কি অভাব আছে শব্দ-কল্প-দ্রুমে ?
কত সুন্দর গাঁথুনি আছে ব্যঞ্জন-ব্যাকরণে।
বাংলা দিয়ে জীবন শুরু বাংলা গাঁথি মনে
সাজাবো মোরা জীবনটাকে বাংলা ভাষার জ্ঞানে।
বাংলার সাথে জড়িয়ে আছে ভাতৃত্ব আর স্নেহ,
বাংলাকে অবজ্ঞা করার সাহস পাবেনা আর কেহ!
এই ভাষাতে উচ্চারিত হয় দেশ প্রেমেরই ডাক,
এই ভাষাতেই মিলিয়ে যায় হিন্দু মুসলিমের ফারাক।
এই ভাষাতেই বজায় আছে প্রেম প্রীতি আর সম্প্রীতি
এই ভাষা আজ বিশ্ব মায়ের ভাষা হিসেবে পেল স্বীকৃতি।
বাংলা আমার বীর শহীদের রক্তে রাঙানো স্মৃতি,
গভীর শ্রদ্ধায় স্মরণ করে বাংলায় গায় গীতি।