বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে যোগদান করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির এক নিয়োগ আদেশের প্রেক্ষিতে আগামী ৪ বছরের জন্য তিনি এ পদে নিয়োগ লাভ করেন। গতকাল (২০ জানুয়ারি) পদে যোগ দেন।
উল্লেখ্য, প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ৪ নম্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম চাঁপাছড়ি গ্রামের মোহাম্মদ আলী চৌধুরী বাড়ির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। প্রফেসর সিদ্দিক আহমেদ চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি
বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশ ও বিদেশের বিভিন্ন স্বনামধন্য গবেষণা জার্নালে তাঁর বেশ কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। কর্মজীবনের শুরুতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।
বর্ণাঢ্য পেশাগত জীবনে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। এর মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ও এএফ রহমান হলের প্রভোস্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি, চবি ফাইন্যান্স কমিটির সদস্য, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ট্রেজারার, বাঁশখালী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) প্রতিষ্ঠাতা সিন্ডিকেট
সদস্য, বাঁশখালী সমিতি চট্টগ্রামের উপদেষ্টা, পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের হীরকজয়ন্তী উদযাপন কমিটির চেয়ারম্যান
প্রভৃতি উল্লেখযোগ্য।
ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। প্রথম সন্তান মেহসান আহমেদ চৌধুরী একটি স্বনামধন্য কোম্পানির আইটি এক্সিকিউটিভ হিসেবে কর্মরত। দ্বিতীয় সন্তান সিলমা সুবাহ চৌধুরী পোর্ট সিটি ইউনিভার্সিটির আইন বিভাগের লেকচারার, তাঁর স্বামী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সহকারী জজ হিসেবে কুমিল্লায় কর্মরত আছেন।