বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

পরিবেশগত ছাড়পত্র প্রদানে কোনো অনিয়ম সহ্য করা হবে না-সাবের হোসেন চৌধুরী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-১৬ ২৩:২৭:১৪

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সেবা দেওয়ার মানসিকতা নিয়ে নিয়মতান্ত্রিভাবে পরিবেশগত ছাড়পত্র দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
তিনি বলেছেন, সেবাপ্রার্থীদের হয়রানি করবেন না। পরিবেশগত ছাড়পত্র প্রদানে কোনো অনিয়ম সহ্য করা হবে না।
সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশগত ছাড়পত্র প্রদান প্রক্রিয়া বিষয়ে মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পরিবেশমন্ত্রী।
সাবের হোসেন চৌধুরী বলেন, জনগণের ভোগান্তি কমাতে পরিবেশগত ছাড়পত্র প্রদান পদ্ধতি সহজ করতে হবে। জনগণ যাতে সঠিকভাবে যথাসময়ে এ সংক্রান্ত সেবা পায়।
এ বিষয়ে প্রয়াজনীয় ব‌্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী।
জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ুদূষণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, বায়ুদূষণকারী ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া, ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। বায়ুদূষণের জন্য দায়ী অন্যান্য বিষয়গুলো বিজ্ঞানভিত্তিকভাবে নিয়ন্ত্রণ করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) সঞ্জয় কুমার ভৌমিক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


এ জাতীয় আরো খবর