রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ষড়যন্ত্র ভয় উপেক্ষা করে জনগণ ভোট দিয়েছে, আওয়ামী লীগকে বিজয়ী করায় দেশের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। বিএনপির ভোট বানচলের চেষ্টা দেশবাসী রুখে দিয়েছে বলেও জানান তিনি।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই জনসভার আয়োজন করা হলেও তা রুপ নেয় আওয়ামী লীগ নেতা কর্মীদের নির্বাচনে বিজয়ের মিলন মেলায়। উৎসবের আমেজে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন দলীয় নেতাকর্মীরা।
দলীয় প্রধান শেখ হাসিনা জনসভায় যোগ দেয়ার আগেই কানায় কানায় ভরে যায় সোহরাওয়ার্দী উদ্যান। নেতাকর্মীদের অভিবাদনে সিক্ত হয়ে মঞ্চে উঠেন আওয়ামী লীগ সভাপতি। তার হাতে ফুল তুলে দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপট তুলে ধরে শেখ হাসিনা বলেন, জাতির পিতার অনুপস্থিতিতে স্বাধীনতার অর্জন অপূর্ণ ছিল।
নানা বাধা উপেক্ষা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ায় দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা। বলেন, নির্বাচন ঠেকাতে বিএনপির ষড়যন্ত্র জনগণ সফল হতে দেয়নি।
তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণ আওয়ামী লীগকে আবার বিজয়ী করেছে। এর প্রতিদান তার দল দেবে।
নির্বাচনে বিজয়ের পর প্রথম জনসভায় নির্বাচনী ইশতেহার পূরণের কথাও জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।