প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আন্দোলনের নামে শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ উঠেছে চবি শিক্ষক সমিতির কয়েকজন নেতার বিরুদ্ধে। ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে এমন বিষয়কে অপ্রাসঙ্গিকভাবে সামনে এনে তারা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচিও দিয়েছে বলেও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। কার্যত উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারকে চাপে রেখে ফায়দা হাসিল করতেই শিক্ষক সমিতির কয়েকজন নেতা এমন কর্মসূচি পালন করতে চাইছেন বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এতে বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদেরও ইন্ধন রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক বলেন, এই কর্মসূচি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কিছু শিক্ষক কর্তৃক বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল রাখার ‘পরিকল্পিত আয়োজন’। তাঁরা বলেন, শিক্ষক সমিতির উত্থাপিত দাবিগুলো নিয়ে হচ্ছে হাস্যরস সৃষ্টি হচ্ছে। কারণ যে দাবিগুলো দেওয়া হয়েছে, তার প্রতিটি বাস্তবায়ন করা হয়েছে দাবি তোলার অনেক আগেই। আন্দোলনের নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল হলে সরকার দল হিসেবে আওয়ামী লীগকে বিব্রত করতে কাজে লাগাবে বিএনপি-জামায়াত। আজ শনিবার উপাচার্যের কার্যালয়ের সামনে চবি শিক্ষক সমিতির কয়েকজন সদস্যদের অবস্থান করা বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বেশ কিছু শিক্ষক এই মন্তব্য করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষক সমিতির দাবি ছিল শিক্ষকদের প্রমোশন নিরবিচ্ছিন্ন রাখা। কিন্তু শিক্ষক সমিতির দাবি দেওয়ার আগেই উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার প্রত্যেক শিক্ষককে বিগত সিন্ডিকেটে পদোন্নতি প্রদানের ব্যবস্থা করেছেন। শিক্ষক সমিতি সিন্ডিকেট, ডিন, প্রভোস্ট এবং একাডেমিক কাউন্সিলসহ বিভিন্ন ক্যাটাগরির শিক্ষক প্রতিনিধি নির্বাচনের দাবি জানিয়েছে। অথচ অনেক আগেই সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের নির্বাচন দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাতীয় সংসদ নির্বাচনে আগমুহূর্তে ডিন ক্যাটাগরির একজন সিন্ডিকেট সদস্যের নির্বাচন দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। নির্বাচনের পরপরই এই নির্বাচন দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ তদন্ত কমিটির মাধ্যমে দায়ীদের সনাক্ত করে বরখাস্তসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনগত ব্যবস্থাও নিয়েছে। এ বিষয়টিকেও দাবি হিসেবে রেখেছে শিক্ষক সমিতি। যা অপ্রাসঙ্গিক ও অবান্তর বলে মনে করছে সচেতন শিক্ষকরা।
শিক্ষক সমিতি দাবি জানিয়েছে, বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক নিয়োগ ও পদোন্নতি বোর্ডে বিভাগ সংশ্লিষ্ট নয় এমন অনেক প্রশাসন ঘনিষ্ঠ শিক্ষককে সদস্য হিসেবে রাখা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় উপাচার্যের ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়। এটি চ্যান্সেলর কর্তৃক মনোনীত এবং সিন্ডিকেটের সিদ্ধান্ত। যদি কোনো বিভাগের এ বিষয়ে আপত্তি থাকে তাহলে তারা সুনির্দিষ্টভাবে চিঠি দিতে পারে। কোনো বিভাগ থেকে বা শিক্ষক সমিতি থেকে এমন কোনো সুনির্দিষ্ট নিয়োগ বোর্ডের বিষয়ে অভিযোগ না থাকায় এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ হয়নি।
শিক্ষকদের পিএচডি ডিগ্রি অর্জনের জন্য তিনটি অনর্জিত ইনক্রিমেন্ট প্রদানে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ইতোমধ্যে সিদ্ধান্ত প্রদান করেছেন। যা আগামী সিন্ডিকেটেই বাস্তবায়ন করা হচ্ছে বলে জানা গেছে। শিক্ষকদের মতে, তবুও এ দাবিতে শিক্ষকদের বিভ্রান্তিতে ফেলে আন্দোলনের অস্থিতিশীল পরিবেশ করতে চাইছে শিক্ষক সমিতির কয়েকজন নেতা।
বিজ্ঞাপিত পদের অতিরিক্ত শতশত শিক্ষক নিয়োগ যুগ যুগ ধরে হলেও বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্প্রতি বিজ্ঞাপিত পদের অতিরিক্ত কোনো শিক্ষক নিয়োগ দেয়নি। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, বিজ্ঞাপিত পদের অতিরিক্ত নিয়োগ বন্ধ রাখার পরও বিজ্ঞাপিত পদের অতিরিক্ত নিয়োগ বন্ধ করার দাবি তোলা শিক্ষক সমিতির মত একটি আভিজাত্যপূর্ণ সংগঠনের জন্য অত্যন্ত হাস্যকর।
কোন কোন বিভাগের কোন কোন শিক্ষকদের পদোন্নতি কিভাবে কিভাবে বাধাগ্রস্থ হয়েছে, সে বিষয়ে সুস্পষ্ট কোনো অভিযোগ না দিয়ে শিক্ষক সমিতি এ বিষয়ে ঢালাওভাবে দাবি দিয়ে নিজেদের দৈন্যতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। তারা বলছেন, শিক্ষকদের পদোন্নতি সম্পূর্ণ নির্ভর করে প্ল্যানিং কমিটির সিদ্ধান্ত, পদোন্নতি বোর্ডের সিদ্ধান্ত ও সিন্ডিকেটের সিদ্ধান্তের উপর। এক্ষেত্রে উপাচার্য বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপের সুযোগ নেই। উপাচার্য বোর্ডের সভাপতিত্ব করেন। সিন্ডিকেট সবকিছু যাচাই-বাছাই করে বোর্ডের সুপারিশ অনুযায়ী কিংবা বোর্ডের সিদ্ধান্ত সংযোজন-বিয়োজন করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।
কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক জানিয়েছেন, সহকারী অধ্যাপকের মতো সহযোগী ও অধ্যাপক পদে পদোন্নতি আবেদনের তারিখ থেকে কার্যকর করার দাবি জানিয়েছে শিক্ষক সমিতি। এ বিষয়ে সুস্পষ্টভাবে যৌক্তিকতা তুলে ধরে কোনো আবেদন শিক্ষক সমিতি কখনো করেনি। শিক্ষক সমিতির কতিপয় নেতা সস্তা জনপ্রিয়তা নিতে, গণহারে দেওয়া দাবির চিঠিতে এই দাবি সম্বলিত দায়সারা একটি মাত্র বাক্য জুড়ে দিয়েছে বলে মন্তব্য করেছে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।
পালি বিভাগের সভাপতি শাসনানন্দ বড়ুয়া রুপম ও ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক আব্দুল হকের (যিনি শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক) বিরুদ্ধে সিন্ডিকেট সর্বসম্মতভাবে তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ এ কমিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সিন্ডিকেটেই গ্রহণ করার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বা প্রশাসনের সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই।
তারা আরও জানান, শিক্ষকদের জন্য চিকিৎসা কেন্দ্র, ক্লাব ও গেস্ট হাউস সুবিধা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। এ জন্য বাজেটও প্রদান করা হয়েছে।বাস্তবায়ন হতে চলা বিষয়েও দাবি দিয়ে শিক্ষক সমিতি অত্যন্ত হাস্যরসের সৃষ্টি করেছে বিশ্ববিদ্যালয়জুড়ে।
নতুন বাস সংগ্রহ করে পরিবহন পুলে নতুন বাস যুক্ত করার প্রক্রিয়া শেষে শিক্ষক সমিতি নতুন বাস কেনার দাবি দিয়ে নিজেদের চতুরতা প্রকাশের অপচেষ্টা চালিয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যেও বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নতুন দুটি বাস যুক্ত হবে। এছাড়াও শিক্ষকদের ব্যবহারের জন্য কয়েকটি নতুন মাইক্রোবাস যুক্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের চতুর্থ গ্রেড থেকে তদুর্ধ্ব গ্রেডের শিক্ষকদের ইন্টারনেট, টেলিফোন বিল ও মোবাইল ভাতা বাবদ ৩৩০০ টাকা ও ৪৭২০ টাকা হারে দেওয়ার জন্য ইতোমধ্যে প্রক্রিয়া শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যা বিশ্ববিদ্যালয় উপাচার্য নিজেই তদারকি করছেন বলে জানা গেছে। এটি বাস্তবায়নে যে কমিটি করা হয়েছে, তাতে শিক্ষক সমিতির বর্তমান কোষাধ্যক্ষও সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপরও এই দাবি জানিয়ে শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করার কোনো যৌক্তিকতা নেই বলে মনে করছে সংশ্লিষ্টরা।
শিক্ষকদের দায়িত্ব ভাতা বৃদ্ধির বিষয়েও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সুস্পষ্ট কোনো চিঠি দেয়নি। যদিও এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার স্বপ্রণোদিত হয়ে কাজ করছেন বলে জানা গেছে। এ প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া পারিতোষিক ও বিল প্রাপ্তিতে কোথাও কোনো শিক্ষক বাধাপ্রাপ্ত হয়েছেন কি-না তা সুস্পষ্টভাবে কোনো শিক্ষক বা শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অথবা রেজিস্ট্রারকে অবহিত করেনি। তা না করে এটি ইস্যু বানিয়ে সরাসরি আন্দোলনে নামাকে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীলতা তৈরির প্রয়াস বলেই দেখছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের শাটলট্রেনের বগির বৃদ্ধির জন্য রেলমন্ত্রী ও মন্ত্রণালয়ের সরাসরি যোগাযোগ স্থাপন করে প্লাটফর্মের পরিসর বাড়ানো হয়েছে। এ কাজ বাস্তবায়নে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার নিজে সচিবালয়ে গেছেন। রেলপথ মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিমের মাধ্যমে এ বগি বৃদ্ধির বিষয়েও চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিছুদিনের মধ্যেই শিক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত বগি সংযোজন হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ভাংচুরের ঘটনায় তদন্ত কমিটি রিপোর্ট জমা দেওয়া মাত্রই দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলাও দায়ের করা হয়েছে। যা এখন পুলিশ তদন্ত করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো নিরপরাধী যেন শাস্তি না পায় এবং কোনো অপরাধী যেন ছাড় না পায় সে বিষয়টি নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে মূল ফটক বন্ধ করে দেওয়া, হামলা, ভাঙচুর, সংঘর্ষের ঘটনা কঠোরভাবে দমনের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ইতোমধ্যে ঢাকায় গেস্ট হাউজ সম্প্রসারণের লক্ষ্যে নতুন ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের গেস্ট হাউজ নির্মাণের কাজও শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শিক্ষক সমিতি এরপরও এসব দাবিতেই আন্দোলনে নামার নেপথ্যে সরকারবিরোধী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ উঠেছে। যে দাবিগুলো আগেই বাস্তবায়ন হয়েছে সে দাবি নিয়ে মাঠে নামার যৌক্তিকতা নিয়েও উঠেছে প্রশ্ন। এর পেছনে আওয়ামী লীগ সরকারকে জাতীয় সংসদ নির্বাচনের আগে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে বিএনপি-জামায়াত শিক্ষক সমিতির কোনো কোনো নেতাকে কাজে লাগাচ্ছে কি-না তা খতিয়ে দেখা উচিত। গত ৩০ অক্টোবর উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে আলোচনার জন্য তার দপ্তরে আমন্ত্রণ জানান। কিন্তু শিক্ষক সমিতিতে এতে সাড়া দেননি। এমনকি শনিবারও (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান সিদ্দিকীকে উপাচার্য মুঠোফোনে কল দিয়ে তাকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। উপাচার্যকে বেকায়দায় ফেলতে এবং বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যেই আলোচনায় না বসে কর্মসূচি দিয়েছে শিক্ষক সমিতির কতিপয় নেতা এমন অভিমত বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জ্যেষ্ঠ শিক্ষক।