বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

এক আসন থেকে নির্বাচন করছেন তিন দলের চেয়ারম্যান

  • হাসান মেহেদী:
  • ২০২৩-১২-০৬ ২২:০৯:২৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচন করছেন তিন রাজনৈতিক দলের চেয়ারম্যান!  
জানা যায়, মনোনয়নপত্র জমা দেওয়া ১২ জন প্রার্থীর মধ্যে ৩ জন স্বতন্ত্র প্রার্থী  মনোনয়নপত্র বাতিল হওয়ায় নয়জন প্রার্থী এখনো নির্বাচনী ট্রেনের যাত্রী। এঁদের মধ্যে তিনজনই মোটামুটি উল্লেখযোগ্য তিন রাজনৈতিক দলের প্রধান। 
এর মধ্যে আছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী ও বাংলাদেশ ইসলামি ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এমএ মতিন। 
তাঁদের মধ্যে তরিকত ফেডারেশনের সভাপতি  নজিবুল বশর মাইজভান্ডারী ২০১৮  সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন। এর আগে ১৯৯১ সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির হয়ে নির্বাচন করেছিলেন। তখন আওয়ামী লীগের প্রার্থী রফিকুল আনোয়ারের কাছে হেরে যান তিনি। তবে নজিবুল বশর মাইজভান্ডারী
২০০৮ সালের  নির্বাচন করেননি। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে তরিকত ফেডারেশন হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে সাংসদ নির্বাচিত হন।
এবারের নির্বাচনের অন্যতম চমক নিয়ে হাজির হয়েছেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী। 
নবগঠিত বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) তাঁর রাজনৈতিক দল। তিনি এ দলের চেয়ারম্যান। ২০২৩ সালের ১০ আগস্ট নির্বাচন কমিশনের কাছ থেকে দলটি নিবন্ধন লাভ করে। এই দলের নির্বাচনে প্রতীক একতারা। সবকিছু ঠিক থাকলে তিনি ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে একতারা প্রতীকে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি)  আসন থেকে নির্বাচন করবেন। 
উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনে  স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী।
এদিকে,  সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী সম্পর্কে চাচা-ভাতিজা। যদি আওয়ামিলীগ জোটবদ্ধ নির্বাচন করে তবে ফটিকছড়ি আসনে    শরিক জোট থেকে তিনবার সংসদ সদস্য নজিবুল বশর মাইজভাণ্ডারী নাকি নবগঠিত সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী নৌকা পান তা এখনই বলা যাচ্ছে না।  এবারের নির্বাচনে চাচার পথে বড় ধরনের  চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন  ভাতিজা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী এমনটাই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।
অন্যদিকে,  মোমবাতি প্রতীকে নির্বাচন করবেন এম এ মতিন। তিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান। তাঁর দলের প্রতীক মোমবাতি।  উল্লেখযোগ্য  নিজস্ব ভোটব্যাংক না থাকলেও একটি উপজেলা হতে তিন রাজনৈতিক দলের তিনজন প্রধান নির্বাচন করছেন হিসেবে তাঁর নামও আলোচনায় উঠে আসছে।


এ জাতীয় আরো খবর