মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু
- এস এম মহিদার রহমান,
-
২০২৩-১১-২১ ১৭:৩৩:৩০
- Print
সাতক্ষীরা : সাতক্ষীরা-২ আসনে জেলা জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ মশিউর রহমান বাবু। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় তিনি মঙ্গলবার ২১ নভেম্বর জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন আশরাফ এর কাছ থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় সদস্য ও সেচ্ছাসেবক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান এবং সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল। মোঃ মশিউর রহমান বাবু জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এবং সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মরহুম হাবিবুর রহমান হবি’র পুত্র। তিনি একজন রাজনীতিক এবং সমাজসেবক হিসেবে সাতক্ষীরায় সুপরিচিত। তিনি সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক, সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক, রোটারি ক্লাব অব সাতক্ষীরার সাবেক সাধারণ সম্পাদক, এবং রোটারি ক্লাব অব সাতক্ষীরার নমিনি প্রেসিডেন্ট ২০২৪-২০২৫ ইং। তিনি ভাড়–খালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এবং এফবিসিসিআই বাংলাদেশ’র সদস্যসহ বহু সামাজিক সংগঠন, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত ও নেতৃত্ব প্রদান করে আসছেন সুনামের সাথে। মোঃ মশিউর রহমান বাবু বলেন, আমাদের দক্ষিনের জেলা সাতক্ষীরা বরাবরই অবহেলিত। তাই সাতক্ষীরা জেলার মানুষের ভাগ্যন্নোয়নে আমি নিরলসভাবে কাজ করতে চাই। আমি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে জেলার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখব।