বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

২০২২ সালের মোট ২৭টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-১৫ ১৪:৩৭:০৯

গতকাল সন্ধ্যায় ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। নাচে-গানে জমকালো আয়োজনে দেয়া হয় এ পুরস্কার। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তারার মেলা বসেছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে। এক জমকালো অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী শিল্পীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেয়া হয়। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী | Daily Star

বাংলা চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে সৃজনশীলতা ও অভিনয় শৈলীর স্বীকৃতিস্বরুপ এবছর মোট ২৭টি বিভাগে শিল্পী, কলাকুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে এই পুরস্কার দেয়া হয়। আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেতা খসরু ও চিত্রনায়িকা রোজিনা।
এবছর যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং ‘পরাণ’। সেরা অভিনেতা হয়েছেন চঞ্চল চৌধুরী। সেরা অভিনেত্রী হয়েছেন যৌথভাবে জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। ‘শিমু’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন সৈয়দা রুবাইয়াত হোসেন। 
এছাড়া সেরা গায়ক হিসেবে যৌথভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চন্দন সিনহা ও বাপ্পা মজুমদার। 
এছাড়াও শ্রেষ্ঠ সুরকার শওকত আলী ইমন (পায়ের ছাপ) , শ্রেষ্ঠ কাহিনিকার ফরিদুর রেজা সাগর (দামাল), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার মুহাম্মদ আব্দুল কাইউম (কুড়া পক্ষীর শূন্যে উড়া), শ্রেষ্ঠ সংলাপ এস এ হক অলিক (গলুই), শ্রেষ্ঠ সম্পাদক সুজন মাহমুদ (শিমু), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক হিমাদ্রি বড়ুয়া (রোহিঙ্গা), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক আসাদুজ্জামান (রোহিঙ্গা), শ্রেষ্ঠ শব্দগ্রাহক রিপন নাথ (হাওয়া), শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জায় তানসিনা শাওন (শিমু), শ্রেষ্ঠ মেক-আপম্যান মো. খোকন মোল্লা (অপারেশন সুন্দরবন) এ পুরস্কার পেয়েছেন।

 


এ জাতীয় আরো খবর